মেটে হাঁসের নয় ছানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিমে তা দিয়ে দশটি ছানা ফুটিয়ে ছিল মা মেটে হাঁস (স্পট বিলড ডাক)। একটি ছানাকে ছোঁ মেরে নিয়ে গেছে চিল। এখন আছে নয়টি। একটি পুকুরের এক কোণে ছানাগুলো আপন মনে ভেসে বেড়াচ্ছে, খাচ্ছে জলজ খাবার, কখনো বা খলবল করে ফুর্তিতে মাতছে। আর যাতে চিলের থাবা না পড়ে, এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ছানাগুলোর। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওর-সংলগ্ন মিনি চিড়িয়াখানার পুকুরে এখন বেশ ভালো আছে ওরা।শ্রীমঙ্গল মিনি চিড়িয়াখানা সূত্রে জানা যায়, গত বছর ডিসেম্বরের শেষ দিকে তিনটি মেটে হাঁস চিড়িয়াখানার পুকুরে আসে। এর মধ্যে একটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে চলে যায়। অন্য দুটি মিশে যায় পুকুরের স্থায়ী বাসিন্দা বেগুনি কালেম, সাদা বক, নিশি বক, বালিহাঁসের সঙ্গে। চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা সীতেশ রঞ্জন দেব বলেন, সম্প্রতি মা মেটে হাঁসটির বিচরণ কমে গিয়েছিল। পরে দেখা যায়, পুকুরের পাড়ে ঝোপের মধ্যে বাসা বেঁধে মা হাঁসটি ডিমে তা দিচ্ছে। গত মঙ্গলবার বিকেলে মা হাঁস ১০টি ছানা নিয়ে পুকুরের পানিতে নেমে আসে। এর মধ্যে একটি ছানা চিলে নিয়ে যায়। চিলের থাবা থেকে রক্ষার জন্য জাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে পুকুরের ওই অংশ। গতকাল দুপুরে ওই চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, পুকুরের এক কোনায় জালে নিরাপত্তা বেষ্টনীর ভেতর মেটে হাঁসের ছানারা সাঁতার কাটছে। ড. মো. আলী রেজা খানের লেখা বাংলাদেশের পাখি বইটির উদ্ধৃতি দিয়ে সীতেশ দেব বলেন, জলচর পাখির মধ্যে এ প্রজাতি এখন বিলুপ্তির পথে। দেশের হাওর-বাঁওড়ে, নদ-নদীর চরে আগে এদের বিচরণ করতে দেখা গেছে। বর্ষা এদের প্রজনন ঋতু। পাখিবিশেষজ্ঞ ইনাম আল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দেশে হাঁসের বিভিন্ন প্রজাতির মধ্যে এটি বিলুপ্তির পথে। গত কয়েক বছরে সারা দেশে ঘুরে এদের মোট সংখ্যা কখনোই ৫০০ ছাড়ায়নি।