মেট্রোরেল নির্মাণে আগামী বছরে একাধিক দরপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় মেট্রোরেলপথ নির্মাণে আগামী বছরের শুরুতে দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, প্রথমে মেট্রোরেলের ডিপো নির্মাণ এবং ট্রেন কেনার দরপত্র আহ্বান করা হবে। এরপর পর্যায়ক্রমে লাইন ও স্টেশন নির্মাণের দরপত্র হবে।
ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওবায়দুল কাদের। তিনি জানান, মেট্রোরেলের নির্মাণকাজ আটটি ভাগে (প্যাকেজ) বিভক্ত করা হয়েছে। প্রতিটি ভাগের জন্য আলাদা দরপত্র হবে। এখন মেট্রোরেলের নকশা প্রণয়ন ও দরপত্র দলিল তৈরির কাজ করছে জাপানভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান এনকেডিএম অ্যাসোসিয়েশন।
লিখিত বক্তব্যে মন্ত্রী জানান, আটটি প্যাকেজের মধ্যে ১ ও ২ নম্বর প্যাকেজের আওতায় উত্তরায় মেট্রোরেলের জন্য যে ডিপো নির্মাণ করা হবে সেই স্থানের মাটি উন্নয়ন ও স্থাপনা নির্মাণের কাজ করা হবে। ডিপোর জন্য উত্তরা তৃতীয় পর্বে ২২ হেক্টর জমি দরকার হবে। ইতিমধ্যে রাজউক ৫ দশমিক ৬৯ হেক্টর জমি বুঝিয়ে দিয়েছে। বাকিটা প্রক্রিয়াধীন। মাটি উন্নয়নের দরপত্র আগামী ফেব্রুয়ারিতে এবং ডিপোর স্থাপনা নির্মাণের দরপত্র অক্টোবরে আহ্বানের সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রী জানান, প্রকল্পের অধীনে উত্তরা তৃতীয় পর্ব থেকে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক পর্যন্ত মাটির ওপরে ২০ দশমিক ১ কিলোমিটার মেট্রোরেলপথ নির্মাণের কথা। এর কারিগরি নাম ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬। প্রকল্পের ৩ থেকে ৬ নম্বর প্যাকেজের আওতায় মেট্রোরেলের পথ ও ১৬টি স্টেশন নির্মাণের প্রাথমিক দরপত্র হবে মে এবং চূড়ান্ত দরপত্র সেপ্টেম্বরে। প্রকল্পের বিদ্যুৎ সরবরাহ ও এ-সংক্রান্ত অবকাঠামোর কাজ হবে ৭ নম্বর প্যাকেজের আওতায়। এর প্রাথমিক দরপত্র আহ্বান করা হবে ফেব্রুয়ারিতে। ট্রেনের ইঞ্জিন-কোচ কেনার প্রাথমিক দরপত্র জানুয়ারিতে এবং চূড়ান্ত দরপত্র জুলাইতে।
ওবায়দুল কাদের বলেন, সব দরপত্রের ঠিকাদার নিয়োগ সম্পন্ন হবে ২০১৬ সালের মধ্যে। ২০১৯ সালের ডিসেম্বরে সাধারণ মানুষ মেট্রোরেলে চড়তে পারবে। পাশাপাশি পূর্বাচল থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ৩৫ কিলোমিটার দীর্ঘ আরেকটি মেট্রোরেল লাইন নির্মাণের প্রক্রিয়াও শুরু হবে।
পত্রিকায় এসেছে, ‘জন ম্যাকআসলান’ নামের ব্রিটিশ কোম্পানি মেট্রোরেল স্টেশনের নকশার কাজ পেয়েছে। এর জন্য তারা একটা পুরস্কারও পেয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘তারা প্রস্তাব নিয়ে এসেছিল, তবে তাদের সঙ্গে কোনো ধরনের চুক্তি হয়নি।’