মেট্রোরেলের ইঞ্জিন-কোচ কেনার প্রাথমিক দরপত্র আহ্বান
মেট্রোরেল প্রকল্পের একটি কাজের অংশের (প্যাকেজ) জন্য ঠিকাদার নির্বাচনে প্রাক্যোগ্যতা যাচাইয়ের দরপত্র আহ্বান করা হয়েছে। প্যাকেজ-৮ নামের এই কাজের জন্য গত শুক্রবার দরপত্র আহ্বান করা হয়।
এই প্যাকেজের অধীনে মেট্রোরেলের ইঞ্জিন-কোচ, ডিপো নির্মাণের মালামাল ক্রয়, যাত্রাবিরতির সময় ট্রেন রাখার স্থান নির্মাণসহ আরও বেশ কিছু স্থাপনা হবে। এই কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল রোববার নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে এখন নকশা প্রণয়ন ও সমীক্ষার কাজ চলছে। নির্মাণকাজ ভাগ করা হয়েছে আটটি প্যাকেজে। এর মধ্যে একটির প্রাক্যোগ্যতা যাচাইয়ের দরপত্র আহ্বান করা হলো।
এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, প্রাক্যোগ্যতা দরপত্রের মাধ্যমে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাছাই করা হবে। তাদের মধ্যে চূড়ান্ত দরপত্র আহ্বান করে সর্বনিম্ন দরদাতাকে মেট্রোরেলের ইঞ্জিন-কোচ সরবরাহের জন্য নিয়োগ দেওয়া হবে। নির্মাণ শেষে এসব কোচ ইঞ্জিন সরবরাহে তিন থেকে চার বছর লাগতে পারে। মেট্রোরেলের লাইন নির্মাণের কাজ শুরু হওয়ার কথা আগামী বছর।
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, গত ২৬ জানুয়ারি জাতীয় সংসদে মেট্রোরেল আইন পাস হয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে প্যাকেজ-৭-এর প্রাক্যোগ্যতা যাচাই এবং প্যাকেজ-১-এর চূড়ান্ত দরপত্র আহ্বান করা হবে। প্যাকেজ-৩, ৪, ৫ ও ৬-এর প্রাক্যোগ্যতা যাচাইয়ে দরপত্র আহ্বান করা হবে আগামী মে মাসে। অক্টোবরে আহ্বান করা হবে প্যাকেজ-২-এর দরপত্র। অর্থাৎ চলতি বছরের মধ্যেই আটটি প্যাকেজের দরপত্র আহ্বান সম্পন্ন হবে। ২০১৯ সালে মেট্রোরেল চালু করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।
ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেলের ১ ও ২ নম্বর প্যাকেজের আওতায় ডিপো এলাকার মাটি উন্নয়ন ও স্থাপনা নির্মাণ হবে। প্রকল্পের ৩ থেকে ৬ নম্বর প্যাকেজের আওতায় মেট্রোরেলের পথ ও ১৬টি স্টেশন নির্মাণের কথা রয়েছে। বিদ্যুৎ সরবরাহ ও অবকাঠামোর কাজ হবে ৭ নম্বর প্যাকেজে।
মেট্রোরেল প্রকল্পের সময়সীমা নির্ধারিত আছে ২০২৪ সাল পর্যন্ত। এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় প্রায় ২২ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা দেওয়ার কথা জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকার। ঠিকাদার নিয়োগ চূড়ান্ত হলে ব্যয় আরও বাড়তে পারে বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে।
মেট্রোরেলের শুরুর স্থান উত্তরা তৃতীয় পর্ব (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উন্নয়ন করা ভূমি) থেকে। এরপর পল্লবী, মিরপুর-১০, কাজীপাড়া, সংসদ ভবন এলাকা, ফার্মগেট, শাহবাগ, দোয়েল চত্বর, জাতীয় প্রেসক্লাব হয়ে মতিঝিলের শাপলা চত্বরে গিয়ে শেষ হওয়ার কথা। প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার কথা তিন পর্বে।
নির্মাণ শেষ হলে এই পথ দিয়ে ২৪ সেট ট্রেন চলাচলের কথা রয়েছে। প্রতি সেটে ছয়টি বগি থাকবে। ঘণ্টায় যাত্রী পরিবহন করার পরিকল্পনা রয়েছে ৬০ হাজার।