মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে আজ স্মারকলিপি
মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দেবেন শিক্ষার্থীরা। স্মারকলিপির সঙ্গে যুক্ত করার জন্য প্রায় ১২ হাজার সই সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
‘মেট্রোরেলের রুট বদলাও, ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁচাও’ শীর্ষক আন্দোলনের অন্যতম সমন্বয়ক সঞ্জীবন চক্রবর্তী গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, বুধবার সকাল পর্যন্ত প্রায় ১২ হাজার সই সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে ১৫ হাজারের মতো সইসংবলিত স্মারকলিপি জমা দেওয়া হবে।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে আজ বেলা ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে তাঁরা মিছিল করে স্মারকলিপি নিয়ে উপাচার্যের কার্যালয়ে যাবেন।
২০ জানুয়ারি টিএসসিতে ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।