মেট্রোরেলের রুট বদলের দাবি ছাত্র ইউনিয়নের
মেট্রোরেলের রুট বদলানোর দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে শিক্ষা, শিক্ষাঙ্গনের পরিবেশ, ভাস্কর্য ও জাতীয় ঐতিহ্যের কথা বিবেচনা করে মেট্রোরেলের রুট বদলের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রোরেলের রুট নির্মাণ হলে রাজু ভাস্কর্যের একটি অংশ আজীবন মেট্রোরেলের রুটের ছায়ায় ঢেকে থাকবে। এতে এর ত্রিমাত্রিক তাৎপর্য হারিয়ে যাবে। সিমেন্টের আস্তর ধসে পড়বে, ভাস্কর্যে ফাটল ধরতে পারে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জাতীয় ঐতিহ্য সংরক্ষণের নীতিমালা অনুযায়ী, জাতীয় ঐতিহ্য হিসেবে জাতীয় জাদুঘর, চারুকলা, তিন নেতার মাজার, ঢাকা গেটের ২০০ বর্গমিটার এলাকায় কোনো ভারী স্থাপনা তৈরি করার নিষেধাজ্ঞা রয়েছে। মেট্রোরেল থেকে সৃষ্ট এক বছরের কম্পন একটি ছয় থেকে সাড়ে ছয় মাত্রার ভূমিকম্পের সমান, যা ঢাকা গেইট ও কার্জন হলের জন্য হুমকি। ভূতাত্ত্বিক জরিপকারী প্রতিষ্ঠানও সেটা স্বীকার করেছে।
লিখিত বক্তব্যে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে মেট্রোরেল নির্মিত হলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হবে। পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কম্পিউটার বিজ্ঞান বিভাগ, অণুজীববিজ্ঞান বিভাগসহ অনেক বিভাগের অবস্থান প্রস্তাবিত মেট্রোরেল রুটের সন্নিকটে।