মেট্রো রেল বিল পাস, টিকিট ছাড়া ভ্রমণে ১০ গুণ জরিমানা

বিনা টিকিটে মেট্রোরেলে চড়লে ভাড়ার ১০ গুণ জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের বিধান রেখে ‘মেট্রোরেল বিল-২০১৫’ আজ সোমবার জাতীয় সংসদে পাস হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ডিটিসিএ একটি কমিটির মাধ্যমে মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করবে। রেলের পরিদর্শকও তারা নিয়োগ দেবে। বিলে মেট্রোরেল ও যাত্রীর বিমা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিধান ভাঙলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ১০ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। অনুমতি ছাড়া লাইসেন্স হস্তান্তর করলে ১০ বছর কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা এবং পরিচালনায় বাধা দিলে দুই বছর কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
বিলে বলা হয়েছে, কেউ মেট্রোরেলের টিিকট জাল করলে তিনি ১০ বছর কারাদণ্ডে এবং এক কোটি টাকা জরিমানার দণ্ডে দণ্ডিত হবেন।
আজ ‘ফাইনান্সিয়াল রিপোর্টিং বিল-২০১৫’ সংসদে উত্থাপিত হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি উত্থাপন করেন। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
করপোরেট, পাবলিক, সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা, ব্যাংক, আর্থিক ও বিমা প্রতিষ্ঠান এবং জাতীয় অন্যান্য প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রণয়ন, হিসাবরক্ষণ ও নিরীক্ষাকাজে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই বিল উত্থাপন করা হয়েছে।