মেট্রোরেল নিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার প্রথম আলোতে প্রকাশিত ‘নকশার আগেই পাইলিং’ শীর্ষক প্রকাশিত সংবাদের বিষয়ে বক্তব্য দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।
বক্তব্যে বলা হয়, বাস্তবায়নাধীন মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপ হিসেবে ১১ জুন মাটি পরীক্ষা (জিওটেকনিক্যাল সার্ভে) শুরু হয়েছে৷ সঙ্গে চলছে টপোগ্রাফিক ও ট্রাফিক সার্ভের কাজ৷ এসব সার্ভের মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে প্রকল্পের বিশদ নকশা চূড়ান্ত করা হবে। পরবর্তী ধাপে প্রকল্পের নির্মাণকাজ বাস্তবায়নের জন্য ঠিকাদার নিয়োগের কার্যক্রম গ্রহণ করা হবে। এই প্রকল্পের জন্য ডিপো নির্মাণের জন্য রাজউক থেকে দুই পর্যায়ে মোট ৫৪ দশমিক ৩৪ একর ভূমি বরাদ্দ পাওয়া গেছে। প্রথম পর্যায়ে ১৪ দশমিক শূন্য ৭ একর ভূমি ইতিমধ্যে বুঝে নেওয়া হয়েছে। বাকি ৪০ দশমিক ২৭ একর ভূমির অনুষ্ঠানের দিন (১১ জুন) বুঝে নেওয়ার জন্য নির্ধারিত ছিল। সরকার ২০১৯ সালের মধ্যে বাণিজ্যিকভাবে মেট্রোরেল পরিচালনার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
প্রতিবেদকের বক্তব্য: যোগাযোগ মন্ত্রণালয়ের বক্তব্যে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের কোনো তথ্যের সঙ্গে দ্বিমত করা হয়নি৷ মন্ত্রণালয় ব্যাখ্যায় যেসব কার্যক্রমের কথা উল্লেখ করেছে, তা প্রকল্পের প্রাথমিক কাজ এবং তা নকশা প্রণয়নেরই অংশ। পাইলিং নির্মাণ এর পরবর্তী ধাপের কাজ৷ অথচ ১১ জুন প্রাথমিক এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানকে পাইলিংয়ের কাজের উদ্বোধন হিসেবে উল্লেখ করেছিল যোগাযোগ মন্ত্রণালয়৷ গণমাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্রেও পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে উল্লেখ করা হয় এবং সাংবাদিকদের সেখানে নিয়ে যাওয়ার জন্য গাড়ি সরবরাহ করা হয়৷ প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে এগুলোই তুলে ধরা হয়েছে৷