প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ঢাকা শহর যানজটমুক্ত করতে মেট্রোরেলের চূড়ান্ত পথ, ডিপোর স্থান এবং স্টেশন এলাকা সরকার এরই মধ্যে অনুমোদন করেছে। চলতি মাসে এ বিষয়ে জাপান সরকারের সঙ্গে ঋণচুক্তি সম্পাদিত হবে বলে আশা করা যায়।জাতীয় সংসদে গতকাল বুধবার টেবিলে উত্থাপিত নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। তিনি জানান, মেট্রোরেলের চূড়ান্ত পথ হবে উত্তরা তৃতীয় পর্ব, পল্লবী, রোকেয়া সরণি, খামারবাড়ি, ফার্মগেট, সোনারগাঁও হোটেল, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর এবং তোপখানা রোড হয়ে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত।শেখ হাসিনা জানান, যানজট রোধে সরকার আধুনিক ট্যাক্সিক্যাব সার্ভিস চালুর লক্ষ্যে দুটি প্রতিষ্ঠানকে দুই হাজার ট্যাক্সিক্যাব আমদানির অনুমতি দিয়েছে। আরও ১০ হাজার ট্যাক্সিক্যাব আনার জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে। জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে তিনি জানান, মেট্রোরেলের পথ বিজয় সরণি হয়ে ফার্মগেটের দিকে গেলে তেজগাঁও বিমানবন্দর থেকে উড়োজাহাজ উড্ডয়ন ঝুঁকিপূর্ণ হবে। কারণ, বিমানবন্দরের রানওয়ে কমে যাবে। এ ছাড়া একই স্থান দিয়ে পথ গেলে বঙ্গবন্ধু নভোথিয়েটারের সৌন্দর্য নষ্ট হবে এবং দুটি ব্যক্তিমালিকানাধীন ছয়তলা ভবন ভাঙতে হবে। সে কারণে মেট্রোরেলের পথ খামারবাড়ি দিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।ফজলুল আজিমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, পিক আওয়ার ছাড়া দিনের অধিকাংশ সময়ের বিদ্যুৎ চাহিদা (বেজ লোড) মেটানোর লক্ষ্যে যৌথ উদ্যোগ ও আইপিপির মাধ্যমে আমদানিনির্ভর ও দেশে উৎপাদিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার ২০১৩ সালের মধ্যে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পরিকল্পনায় ২০১৫ সালের মধ্যে ১৩ হাজার, ২০২০ সালের মধ্যে ২২ হাজার, ২০২৫ সালে ৩০ হাজার এবং ২০৩০ সালে ৩৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।১৪৩ দেশে কর্মরত আছেন প্রায় ৮০ লাখ বাংলাদেশি: আশরাফুন নেছা মোশারফের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে ১৪৩টি দেশে প্রায় ৮০ লাখ প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন। তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় চার কোটি লোক অর্থনৈতিকভাবে সরাসরি উপকৃত হচ্ছে। গত বছর তাঁদের পাঠানো রেমিট্যান্স প্রায় ১২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যার অবদান জিডিপিতে ১৩ শতাংশ। অব্যাহত রেমিট্যান্স-প্রবাহের অবদানে বৈদেশিক মুদ্রার রিজার্ভও সম্মানজনক অবস্থানে রয়েছে। তিনি জানান, নতুন শ্রমবাজার সম্প্রসারণের ফলে প্রতিবছর পাঁচ লাখের বেশি কর্মীর বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এ ছাড়া পুরুষের পাশাপাশি নারী কর্মীদের বিদেশে যাওয়া ক্রমাগত বাড়ছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও সরকার যথাযথ পদক্ষেপ নেওয়ায় তিন বছর দুই মাসে ১৫ লাখ ৬৯ হাজার ৪০৭ জন বাংলাদেশি কর্মী বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থান লাভ করেছেন, যা চারদলীয় জোট সরকারের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা: রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় গতকাল অংশ নেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, এম আবদুল লতিফ ও বীরেন শিকদার। এরপর সংসদের অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।