মেট্রোরেল নিয়ে পাল্টাপাল্টি অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে মেট্রোরেল রুট যাওয়ার পক্ষে-বিপক্ষে আজ বুধবার ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ও ‘বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াতকারী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
আজ সকাল থেকে মেট্রোরেলের বিকল্প রুটের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সড়কদ্বীপের কাছে আর মেট্রোরেল দ্রুত বাস্তবায়নের দাবিতে অপরপক্ষ রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়।
বিকল্প রুটের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কে আঁকা আঁকি করেন। এ সময় তাঁরা ‘ঢাবির বুক চিরে মেট্রোরেল হবে না’, ‘দাবি মোদের একটাই—বিকল্প রুট চাই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড বহন করেন। এর আগে তাঁরা বিক্ষোভ মিছিল করেন।
বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রোরেলের পথ তৈরির বিরোধিতায় গড়ে ওঠা আন্দোলনের সমন্বয়ক তাইশা তাশরীন বলেন, ‘আমরা মেট্রোরেলের বিরোধিতা করছি না। আমরা মেট্রোরেল চাই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে নয়। এর রুট পরিবর্তন করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’ তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে লাইন গেলে শিক্ষা ও শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ঐতিহাসিক স্থাপনাগুলো হুমকির মুখে পড়বে। প্রকল্পের ভূতাত্ত্বিক জরিপেও এ কথা বলা আছে।
এর কয়েক গজ দূরেই দ্রুত মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের দাবিতে অবস্থান ও মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা, বৈশাখী ও চৈতালী বাসে যাতায়াতকারী অনাবাসিক শিক্ষার্থীরা।

ক্ষণিকা বাসের নির্বাহী কমিটির সভাপতি মুশফিক হাসান প্রথম আলোকে বলেন, প্রতিদিন যানজটের কারণে উত্তরা, কাফরুল, মিরপুর, গাজীপুর থেকে যারা আসেন; তাঁরা অনেক ভোগান্তিতে পড়েন। অনেক সময়ের অপচয় হয়। বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেলের স্টেশন হলে সবারই বিশ্ববিদ্যালয়ে আসতে সুবিধা হবে।
অনাবাসিক শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হলেও সকাল থেকে বিভিন্ন হলের ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা মিছিল করে কর্মসূচিতে যোগ দেন। বিশেষ করে প্রথম বর্ষের যেসব শিক্ষার্থী ছাত্রলীগের মাধ্যমে হলে উঠেছেন, তাঁদের উপস্থিতি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে বলে মানববন্ধনে উপস্থিত একাধিক শিক্ষার্থী স্বীকার করেন।
অপর পক্ষের কর্মসূচিতে বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।