মেট্রোরেল বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে খণ্ডিত বক্তব্য পৌঁছেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মেট্রোরেল বিষয়ে তাঁদের বক্তব্য খণ্ডিত আকারে পৌঁছেছে। তাঁরা বলেন, এই আন্দোলন রাষ্ট্রের চলমান উন্নয়নের বিপক্ষে নয় বরং আরও টেকসই উন্নয়নের পক্ষে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আন্দোলনের সমন্বয়ক তাইশা তাশরিন বলেন, মেট্রোরেল প্রকল্পটি বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত স্থাপত্যশৈলী, শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে। মেট্রোরেল প্রকল্পের জন্য অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালট্যান্ট লিমিটেড (এইএসএল) নামের একটি প্রতিষ্ঠান ২০১৫ সালে ভূতাত্ত্বিক জরিপ করেছিল। সেখানে প্রত্নতত্ত্ব ও ঐতিহাসিক মূল্য বিবেচনায় টিএসসি-দোয়েল চত্বর দিয়ে মেট্রোরেলের রুট না দিয়ে শাহবাগ-মৎস্য ভবন এলাকা দিয়ে করার জন্য সুপারিশ করা হয়েছিল। সেই জরিপে বলা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ঐতিহাসিক স্থাপনাগুলো মেট্রোরেলের কারণে ঝুঁকিপূর্ণ। এ ছাড়াও পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ও ক্লাস-লাইব্রেরি ক্ষতিগ্রস্ত হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, মেট্রোরেলের স্টপেজের কারণে অলিখিত যানবাহনের স্ট্যান্ড তৈরি হবে। এ ছাড়া এটি বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করবে। এসব কারণে তারা মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবি জানান। এ দাবিতে আগামী ২০ জানুয়ারি টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সংহতি সমাবেশের ঘোষণা দেন তাঁরা।
আজকের সংবাদ সম্মেলনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে শেখ হাসিনা বলেন, যানজট নিরসনে বিভিন্ন প্রকল্পের সঙ্গে মেট্রোরেল নির্মাণের পদক্ষেপ নিয়েছি। ১৬টি স্টেশন করা হয়েছে। আমরাই ইচ্ছে করেই একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেখেছি। যাতে উত্তরা, মিরপুরে থাকা বিভিন্ন শিক্ষক শিক্ষার্থী ১০-১৫ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। এ মেট্রোরেলের মাধ্যমে বারডেম, বাংলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা যাতে অল্প সময়ে কর্মস্থলে আসতে পারবে। যেখানে যেখানে সাউন্ড প্রুফ করা দরকার সেখানে সাউন্ড প্রুফ করে দেওয়া হবে।
মেট্রোরেলের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘হঠাৎ করে দেখলাম কিছু শিক্ষক-ছাত্ররা আন্দোলনে নেমে গেল; এখান দিয়ে মেট্রোরেল যাবে কেন? গ্রামগঞ্জে একটা কথা আছে না, ‘যার জন্য করি চুরি সেই বলে চোর’।