মেট্রোরেলের খসড়ার চূড়ান্ত অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত মেট্রোরেলের জন্য আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রায় ২২ হাজার কোটি টাকার এই প্রকল্প রাজধানীর যানজট নিরসন ও যাত্রী পরিবহন সমস্যার সমাধানে বড় ধরনের ভূমিকা রাখবে বলে সরকার আশা করছে। মেট্রোরেলে থাকবে ১৬টি স্টেশন। উত্তরা থেকে শুরু হয়ে ওই রেল বাংলাদেশ ব্যাংকে এসে শেষ হবে।

গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে খসড়াটির চূড়ান্ত অনুমোদন হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, প্রকল্পে সরকার দেবে পাঁচ হাজার ৪০০ কোটি টাকা। জাইকা দেবে ১৬ হাজার ৫০০ কোটি টাকা। মেট্রোরেল ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ হবে, প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। মেট্রোরেলের নকশা চূড়ান্ত করার লক্ষ্যে প্রস্তুতিমূলক কাজ চলার কথা উল্লেখ করে সচিব বলেন, এটি বিশাল এক কর্মযজ্ঞ। বিভিন্ন ধরনের জরিপ শুরু হয়েছে।

মেট্রোরেল পরিচালনার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে সবাইকে লাইসেন্স নিতে হবে। তবে সরকারি প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স ফি দিতে হবে না। একটি কমিটির মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে। ভাড়াও নির্ধারণ হবে কমিটির মাধ্যমে। বিনা টিকিটে মেট্রোরেলে চলাচল করলে ভাড়ার ১০ গুণ বেশি জরিমানা দিতে হবে।

গতকাল মন্ত্রিসভার বৈঠক শুরু হয় শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

মন্ত্রিসভায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব আইন ২০১৪-এর খসড়া অনুমোদন হয়েছে। একটি উপদেষ্টা কমিটির মাধ্যমে এই কার্যক্রম চলবে। কমিটির চেয়ারম্যান থাকবেন প্রধানমন্ত্রী, ভাইস চেয়ারম্যান থাকবেন অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

সংবাদ ব্রিফিংয়ে প্রশ্ন তোলা হয়, সরকারি-বেসরকারি অংশীদারত্বে বাস্তবায়িত মেয়র হানিফ উড়ালসেতুর অভিজ্ঞতা ভালো নয়। এই প্রকল্পে সরকার জমি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহজ শর্তে ঋণ দেওয়ার পরও আইনের আশ্রয় নিয়ে ইচ্ছেমতো টোল আদায় করছে। এ প্রসঙ্গে সচিব বলেন, ‘হোঁচট না খেলে হাঁটা শেখা যায় না।’

গতকাল অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন ২০১৪-এর খসড়ার নীতিগত অনুমোদন হয়েছে। তবে ভূমি ও আইন মন্ত্রণালয়কে খসড়াটি পর্যালোচনা করে মন্ত্রিসভায় প্রতিবেদন উপস্থাপন করার দায়িত্ব দেওয়া হয়েছে। আর্থিক প্রতিবেদনের গুণগত মান নিশ্চিত করতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন ২০১৪-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৈঠকে সার্ক ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট ফর এনার্জি কো-অপারেশন (ইলেকট্রিসিটি) অনুমোদিত হয়েছে। এ ছাড়া সার্ক রিজিওনাল রেলওয়ে অ্যাগ্রিমেন্ট ফর সার্ক মেম্বারস স্টেটসের অনুমোদন হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, আসন্ন সার্ক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন।