মেট্রোরেলের জন্য ভূমি অধিগ্রহণে বিশেষ ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেট্রোরেল স্থাপনের জন্য দ্রুত ভূমি অধিগ্রহণে বিশেষ ব্যবস্থাসহ বেশ কিছু বিধান রেখে মেট্রোরেল আইন, ২০১৪-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আইনের আওতায় বৃহত্তর ঢাকার ছয়টি জেলা অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ, ওই সব জেলায় নতুন করে এ ধরনের প্রকল্প হলে তখন সেগুলোও এ আইন অনুযায়ী করা হবে।
সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার অনুষ্ঠিত বৈঠকে খসড়াটির অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। এখন এটি আইন মন্ত্রণালয়ে আইনি যাচাইয়ের (ভেটিং) জন্য পাঠানো হবে।
বর্তমানে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের নকশা প্রণয়নের কাজ চলছে। ২০১৬ সালে নির্মাণকাজ শুরুর পরিকল্পনা রয়েছে।
খসড়ায় ভূমি অধিগ্রহণে কিছু বিশেষ বিধান রাখা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতু প্রকল্প ও বঙ্গবন্ধু সেতুর বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে বিধানটি করা হচ্ছে। তিনি বলেন, ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাতে দ্রুত ক্ষতিপূরণ পান এবং কেউ যেন অবৈধ সুবিধা নিতে না পারে, সেদিকে লক্ষ রাখা হবে।
গতকালের সভায় সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) আইন, ২০১৪-এর খসড়া ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ও মিসরের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহায়তা বিষয়ে একটি চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।