মেট্রোরেলের নকশা পরিবর্তনের সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে প্রস্তাবিত মেট্রো রেলপথের নকশা আগামী এক সপ্তাহের মধ্যে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে আন্তমন্ত্রণালয়ের বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, বিজয় সরণি হয়ে মেট্রোরেল যাওয়ার বিষয়ে বিমানবাহিনীর আপত্তি রয়েছে। তারা একটি বিকল্প প্রস্তাব দিয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, জাইকা সদর দপ্তরের পরিচালক তোমোহিদে ইচিগুচি, বিমানবাহিনীর প্রধান শাহ মো. জিয়াউর রহমান, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। জাপানের সহায়তায় বিদ্যমান নকশা অনুযায়ী উত্তরা-পল্লবী-বিজয় সরণি-ফার্মগেট-সায়েদাবাদ পর্যন্ত মেট্রো রেলপথ তৈরি হওয়ার কথা। কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় মূল নকশা থেকে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর এলাকাকে বাইরে রাখার কথা বলে আসছে বিমানবাহিনী।অর্থমন্ত্রী বলেন, বিমানবাহিনীর আপত্তির কারণে এ প্রকল্পে রুট নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। প্রকল্পে প্রতিশ্রুত অর্থায়নকারী প্রতিষ্ঠান জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) একটি সমীক্ষা প্রতিবেদন দিয়েছে। এ সম্পর্কে আগামী এক মাসের মধ্যে মতামত দিতে বলেছে তারা, নইলে ১৭০ কোটি ডলারের অর্থসহায়তা আরও এক বছর পিছিয়ে যাবে। অর্থমন্ত্রী জানান, পল্লবী থেকে চন্দ্রিমা উদ্যানের সামনে বিজয় সরণি হয়ে ফার্মগেট-শাহবাগ-তিন নেতার মাজার-প্রেসক্লাব হয়ে মতিঝিল পর্যন্ত নতুন রুট নির্ধারণ করা হয়েছে। কিন্তু বিমানবাহিনী রোকেয়া সরণি থেকে এ রুট সরাসরি খামারবাড়ি হয়ে ফার্মগেট নেওয়ার পরামর্শ দিয়েছে।জামিলুর রেজা চৌধুরী বলেন, বিমানবাহিনীর বিকল্প প্রস্তাব মানতে গেলে খামারবাড়ির একটি ভবন ভাঙতে হবে অথবা ৪০ থেকে ৫০ মিটার সংসদের বাগানের মধ্যে প্রবেশ করতে হবে। এ ছাড়া একটি টোল প্লাজা থাকবে খামারবাড়ির কাছে। এদিক দিয়ে মেট্রোরেল নিতে গেলে খামারবাড়িরও অনুমতি নিতে হবে।