মেট্রোরেলের রুট পরিবর্তনের সুযোগ নেই: সেতুমন্ত্রী
মেট্রোরেলের রুট পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই রুট নির্ধারণ করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে রাজধানীতে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে পরিবার দিবস উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা উদ্যাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল হবে উড়ালপথে, সমতল দিয়ে নয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে শব্দ প্রতিরোধক প্রযুক্তি ব্যবহার করা হবে। এর ফলে শব্দদূষণের ঝুঁকি হ্রাস পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার জন্য ক্যাম্পাসের কাছে মেট্রোস্টেশনও থাকবে। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে সব নাগরিকের সমান অধিকার। এ দেশে আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সব ধর্মের মানুষ বসবাস করছে। কোনো অপশক্তিকে এ সম্প্রীতি বিনষ্টের সুযোগ দেবে না সরকার।
মহানগর সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির সভাপতি জে এল ভৌমিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ হাজি মো. সেলিম, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব ও মহানগর সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা।
অনুষ্ঠানে কে বি রায় চৌধুরী ও জে এল সেনকে মরণোত্তর এবং অনিল চন্দ্র নাথ ও ফণীভূষণ চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়।