মেট্রোরেলের রুট পরিবর্তনের সুযোগ নেই: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেট্রোরেলের রুট পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই রুট নির্ধারণ করা হয়েছে। আজ শুক্রবার ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে পরিবার দিবস উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মেট্রোরেল হবে উড়াল পথে, সমতল দিয়ে নয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে শব্দ প্রতিরোধক প্রযুক্তি ব্যবহার করা হবে। এর ফলে শব্দদূষণের ঝুঁকি হ্রাস পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার জন্য ক্যাম্পাসের কাছে মেট্রো স্টেশনও থাকবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে মেট্রোরেলের রুট না করার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব ও ঐতিহাসিক মূল্য বিবেচনায় টিএসসি-দোয়েল চত্বর দিয়ে মেট্রোরেলের রুট না করে শাহবাগ-মৎস্য ভবন এলাকা দিয়ে রুট করা হোক। রেলপথের কারণে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ও ক্লাস-লাইব্রেরি ক্ষতিগ্রস্ত হবে। মেট্রোরেলের স্টপেজের কারণে এই এলাকায় অলিখিত যানবাহনের স্ট্যান্ড তৈরি হবে। এর ফলে বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি ও প্রকৌশল অনুষদের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটবে।
মন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে সব নাগরিকের সমান অধিকার। এ দেশে আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সব ধর্মের মানুষ বসবাস করছে। কোনো অপশক্তিকে এ সম্প্রীতি বিনষ্টের সুযোগ দেবে না সরকার।
মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জে. এল. ভৌমিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। আরও বক্তব্য দেন সাংসদ হাজি সেলিম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব ও মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা।
অনুষ্ঠানে কে বি রায় চৌধুরী ও জে. এল সেনকে মরণোত্তর এবং অনিল চন্দ্র নাথ ও ফনী ভূষণ চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়।