মেট্রোরেলের ৭৬ শ্রমিককে ভুয়া প্রতিবেদন, রিজেন্টের এমডি গ্রেপ্তার

মেট্রোরেলের ৭৬ শ্রমিককে করোনার ভুয়া প্রতিবেদন দেওয়ার মামলায় গ্রেপ্তার হয়েছেন রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান।
গতকাল শুক্রবার রাতে গোপালগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা।
আজ শনিবার ১০ দিনের রিমান্ড চেয়ে মিজানুরকে আদালতে হাজির করা হবে ।
তপন সাহা প্রথম আলোকে বলেন, মেট্রোরেলে শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠানের মামলায় মিজানুরকে গ্রেপ্তার করা হয়। বাদী অভিযোগ করেন, শ্রমিকপ্রতি সাড়ে তিন হাজার টাকা জমা দিয়ে তাঁরা ৭৬ জনের পরীক্ষা করান রিজেন্ট হাসপাতালে। তিনজনের ফল পজিটিভ ও ৭৩ জনের নেগেটিভ আসে। পরে তাঁরা জানতে পারেন প্রতিবেদন ভুয়া ছিল।
প্রতিষ্ঠানটি ২০ জুলাই মামলা করেছিল উত্তরা পশ্চিম থানায়।