মেঠো রাস্তাটার অভাবে বড্ড কষ্টে ছিলেন হাজারো কৃষক

মাঠের মাঝে একখণ্ড জমি আছে কৃষক শরিফুল ইসলামের। জমিতে ধান পেকেছে, কিন্তু কাটতে পারছেন না। কারণ মাঠে কোনো রাস্তা নেই। আশপাশের জমিগুলোর ধান কাটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে শরিফুলকে। তত দিনে পাকা ধান অনেকটা মাঠেই ঝরে পড়বে।
এই অবস্থা চলছিল ঝিনাইদহের মহেশপুর উপজেলার বড়বিল মাঠের কয়েক হাজার কৃষকের। তাঁরা ধানের বোঝা মাথায় নিয়ে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়িতে আসতেন। তবে এ বছর আর সেই কষ্ট করতে হচ্ছে না ওই কৃষকদের। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে ওই মাঠে একটি মাটির রাস্তা তৈরি করা হয়েছে। এখন কৃষকেরা গরু-মহিষের গাড়িতে করে মাঠ থেকে ধান বাড়িতে আনতে পারবেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সবুজ ধানখেতে ভরা গোটা মাঠ। আনুমানিক ৫ কিলোমিটার লম্বা মাঠটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যায় না। কৃষক আবদুল আজিজ বললেন, এই মাঠ ঘিরে নয়টি গ্রাম রয়েছে। কয়েক হাজার কৃষকের জমি আছে বড়বিল মাঠে। এখানে চাষযোগ্য জমি আছে আনুমানিক ১০ হাজার বিঘা।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বড়বিল মাঠে উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ধান চাষ হয়। কিন্তু মাঠে কোনো রাস্তা না থাকায় ধান পাকার পর এক প্রান্ত থেকে কাটা শুরু করতে হতো। এভাবে ক্রমান্বয়ে মাঠের মাঝে যেতে হতো। ফলে মাঠের মাঝামাঝি যাদের জমি আছে, তাঁদের জমির ধান মাঠে ঝরে পড়ত। একটা রাস্তার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের পাশাপাশি স্থানীয় সাংসদ পর্যন্ত ধরনা দিয়েছেন কৃষকেরা। তবে কোনো কাজ হয়নি। অবশেষে স্থানীয় বাঁশবাড়িয়া ইউপির বর্তমান চেয়ারম্যান আবদুল মালেক রাস্তা তৈরি করে দিয়েছেন। বাগানমাঠ গ্রাম থেকে ভবদিয়া গ্রাম পর্যন্ত এ রাস্তার জন্য কৃষকেরাই জমি দিয়েছেন। সেখানে মাটি ফেলা হয়েছে কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের বরাদ্দ ও চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থে।
চেয়ারম্যান আবদুল মালেক বলেন, গত ইউপি নির্বাচনের সময় এলাকার ভোটারদের দাবি ছিল, বড়বিল মাঠে রাস্তা করতে হবে। তিনি কথা দিয়েছিলেন। কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর আর্থিক কারণে কুলাতে পারছিলেন না। একপর্যায়ে কাবিটা প্রকল্পের একটা বরাদ্দ পেলে সাহস নিয়ে তিনি রাস্তার কাজে হাত দেন।
কাবিটার ওই প্রকল্প থেকে ১ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ এসেছিল। কিন্তু পুরো রাস্তাটি তৈরি করতে সাড়ে ৭ লাখ টাকা খরচ হয়েছে। বাকি টাকা চেয়ারম্যান নিজে দিয়েছেন।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশাফুর রহমান বলেন, চেয়ারম্যান মালেক সরকারি বরাদ্দের যথার্থ ব্যবহারের পাশাপাশি নিজের টাকা ব্যয় করে এলাকার মানুষের প্রয়োজন মিটিয়েছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ। অন্য জনপ্রতিনিধিরাও এজাতীয় ভূমিকা রাখবেন বলে আশা করেন ইউএনও।