মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে-বিপক্ষে কর্মসূচি
রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে-বিপক্ষে মানববন্ধন ও সমাবেশ হয়েছে৷ গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শহরের পৃথক দুটি স্থানে এই মানববন্ধন ও সমাবেশ হয়।
সকাল ১০টায় রাঙামাটি সরকারি কলেজের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের যাবতীয় কার্যক্রম বন্ধসহ সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করে পাহাড়ি ছাত্র পরিষদ। এ সময় বক্তারা বলেন, পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করতে দেওয়া হবে না।
বক্তারা তিন পার্বত্য জেলা সদরের তিনটি সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর; প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকের শূন্য পদ পূরণের দাবি জানান।
পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি রিন্টু চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি ও জনসংহতি সমিতির স্টাফ সদস্য ত্রিজিনাদ চাকমা, কেন্দ্রীয় সভাপতি জ্যেতিষ্মান চাকমা, কেন্দ্রীয় সদস্য মোনালিসা চাকমা, রাঙামাটি জেলা সভাপতি বাচ্চু চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রিমিতা চাকমা।
অন্যদিকে একই সময়ে জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ ফটকের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে মানববন্ধন কর্মসূিচ পালন ও সমাবেশ করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বক্তারা রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের সমালোচনা করে বলেন, তারা নিজেদের আধিপত্য বজায় রাখতে উচ্চশিক্ষা প্রসারের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রলীগের রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি সজল দাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহ এমরান, সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার৷