মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে বিক্ষোভ
জামালপুরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ, সড়ক অবরোধ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন স্থানীয় লোকজন৷ পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন৷
এলাকার অনেকে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করার বাস্তবায়ন কমিটির উদ্যোগে পাথালিয়া থেকে সকাল নয়টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন শহরের উত্তর এলাকাবাসী৷ এতে শহরের পাথালিয়া, গুয়াবাড়ীয়া, দেওয়ানপাড়া, হাট চন্দ্রা, বনপাড়া, কলেজ রোড ও কম্পপুর এলাকাবাসী অংশ নেন৷ পরে বিক্ষুব্ধ লোকজন জামালপুর-ইসলামপুর সড়ক সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত অবরোধ এবং জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে রাখেন৷ এতে ওই সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়৷ এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের কাছে একটি স্মারকলিপি দেন৷ পরে জেলা প্রশাসক আন্দোলনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে তাঁরা কর্মসূচি স্থগিত করেন৷
জানা গেছে, জামালপুর জেলাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সরকার জামালপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও চলতি ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ছাত্র ভর্তির অনুমোদন দিয়েছে৷ কিন্তু মেডিকেল কলেজ স্থাপনের স্থান নির্ধারণ করা নিয়ে জামালপুর শহরবাসী বিভক্ত হয়ে পড়ে৷