মেডিকেল কলেজগুলোর শিক্ষক পরিস্থিতি জানতে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষক পরিস্থিতি জানতে স্বাস্থ্য সচিবকে প্রধান করে সাত সদস্যের কমিটি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কমিটির প্রতিবেদনের তথ্য জাতীয় স্বাস্থ্য পর্ষদ সভায় উপস্থাপন করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এ কথা জানিয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মেডিকেল কলেজগুলোতে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, বায়োকেমিস্ট্রি, অ্যানেস্থোসিওলজি—এসব বিষয়ে শিক্ষক স্বল্পতা দূর করার বিষয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সেখানেই কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে।
সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহউপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এসব বিষয়ে শিক্ষক স্বল্পতা দূর করতে হলে শিক্ষকদের প্রণোদনার ব্যবস্থা করতে হবে। আমি সভায় মূল বেতনের সমান প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছি।’
সভায় অংশগ্রহণকারীদের মধ্যে সরকারি ৩০টি মেডিকেল কলেজের উপরোক্ত ৮টি বি​ষয়ের শিক্ষক পরিস্থিতি তথ্য তুলে ধরা হয়। তাতে দেখা যায় এসব বিষয়ে অধ্যাপকের ৪৭টি, সহযোগী অধ্যাপকের ৩৫টি ও সহকারী অধ্যাপকের ৫৮টি পদে লোক নেই। এ ছাড়া জুনিয়র কনসালট্যান্টের ১ হাজার ৫৭৭টি পদও শূন্য। সভায় বেসরকারি মেডিকেল কলেজের তথ্য উপস্থাপন করা হয়নি।
গত ৫ জানুয়ারি প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘মেডিকেল শিক্ষায় জোড়াতলি’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। তাতে সরকারি ও বেসরকারি খাতের তথ্য তুলে ধরে বলা হয়, কলেজগুলোতে প্রয়োজনের ৬৩ শতাংশ শিক্ষকের ঘাটতি আছে।
সূত্র জানায়, সভায় অংশগ্রহণকারীরা শিক্ষক স্বল্পতা দূর করতে আট বিষয়ে উচ্চতর ডিগ্রির সুযোগ বৃদ্ধির সুপারিশ করেন। নতুন মেডিকেল কলেজের অনুমোদন না দেওয়ার সুপারিশ করেছেন একজন। যেসব বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষক নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছেন একজন।

পাঁচ সদস্যের কমিটি

স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলামকে প্রধান করে কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহমুদ হাসান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি মোহাম্মদ সহিদুল্লা, বিএসএমএমইউয়ের সহ-উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ, বিসিপি​এসের সভাপতি সানোয়ার হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুন্নেসা বেগম ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) আব্দুর রশিদ।