মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুকদের আন্দোলন অব্যাহত
মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি/ভর্তি পরীক্ষা কবে দিবি’, ‘আমাদের এত দিনের স্বপ্ন এক রাতেই শেষ হয়ে যাবে’, কোচিং-বাণিজ্য বন্ধে কঠোর আইন চাই, পরীক্ষা পদ্ধতি বহাল চাই’—এ ধরনের বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড বহন করেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা চট্টগ্রামে মেডিকেলে ভর্তি-ইচ্ছুকদের কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদ ও আটক আট শিক্ষার্থীর মুক্তির দাবি জানান। তাঁরা আগামী শনিবার বেলা সাড়ে তিনটায় রাজু ভাস্কর্যের সামনে নাগরিক সমাবেশ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করবেন বলে জানান।