মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
২০১৪-১৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ২৩টি পরীক্ষাকেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা হয়।
এই পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে কয়েক দিন ধরেই ঢাকা, রাজশাহী, রংপুরসহ বিভিন্ন স্থানে গুজব ছিল। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় গত মঙ্গলবার থেকে গতকাল পর্যন্ত মেডিকেলে ভর্তি কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়। এ জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে কড়া নির্দেশ দেওয়া হয়। প্রায় প্রতিবছরই মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) এ বি এম আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, সারা দেশের সব জায়গায় সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা হয়েছে। কোথাও প্রশ্ন ফাঁস হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, দেশের ২৯টি সরকারি মেডিকেল কলেজে তিন হাজার ১৬২, ৫৬টি বেসরকারি মেডিকেলে পাঁচ হাজার ৩২৫, নয়টি সরকারি ডেন্টাল কলেজে ৫৩২ ও ২৩টি বেসরকারি ডেন্টাল কলেজে এক হাজার ২৮০টি আসন রয়েছে। এ বছর এই ১০ হাজার ২৯৯টি আসনের বিপরীতে ৬৯ হাজার ৪৭৭ জন পরীক্ষায় অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, প্রশ্নপত্র জালিয়াতি রোধে সরকারের নির্দেশে পরীক্ষা পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা হয়। সরকার ভবিষ্যতে স্থায়ীভাবে কোচিং সেন্টার বন্ধের পরিকল্পনা করছে।