মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা পুনর্বহালসহ কোচিং বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতারা। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা মোড়ে আয়োজিত সমাবেশে তাঁরা এই দাবি জানান।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নগর শাখার সাধারণ সম্পাদক আল কাদেরী, ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি তৌহিদ টিপু ও ছাত্র ফেডারেশনের নেতা মো. রাসেল।সমাবেশে বক্তারা বলেন, হঠাৎ করে জিপিএর ভিত্তিতে মেডিকেল কলেজে ভর্তির সিদ্ধান্ত হয়। সরকারের সৎ উদেশ্য থাকলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার পরই এ ধরনের সিদ্ধান্তের কথা জানাত। তাঁরা বলেন, এই ঘোষণা এইচএসসি পরীক্ষার সময়ে এলে কেউ কোচিং সেন্টারে ভর্তি হতেন না।বক্তারা ভবিষ্যতে মেডিকেল কলেজে ভর্তির বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে একটি সর্বগ্রাহ্য সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।বক্তারা গত মঙ্গলবার মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সমাবেশে পুলিশের বাধা দেওয়া এবং গ্রেপ্তারের সমালোচনা করে বলেন, পুলিশ অহেতুক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে। এ সময় তারা ছাত্র ফেডারেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভপাতি দীপঙ্কর ঘোষকে গ্রেপ্তার করে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানানোয় ছাত্রফ্রন্টের নগর শাখার সভাপতি সত্যজিৎ বিশ্বাসকে পিটিয়েছে। এভাবে দমন-পীড়নের মাধ্যমে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে ব্যাহত করা যাবে না।এর আগে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা নগরের প্রেসক্লাব থেকে আন্দরকিল্লা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা ‘মেডিকেলে ভর্তি পরীক্ষা পুনর্বহাল করতে হবে’, ‘দমন-পীড়ন চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দেন।জামিন: মঙ্গলবার চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া আটজনকে জামিন দিয়েছেন চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালত। গতকাল বুধবার তাঁদের হাজির করা হলে আদালত জামিন মঞ্জুর করেন।