মেডিকেল কলেজে শিক্ষক-সংকট দূর করতে কমিটি গঠন
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষক-সংকট দূর করতে স্বাস্থ্যসচিবকে প্রধান করে সাত সদস্যের কমিটি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এই কমিটির প্রতিবেদনের তথ্য জাতীয় স্বাস্থ্য পর্ষদের সভায় উপস্থাপন করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মেডিকেল কলেজগুলোতে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথলজি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, বায়োকেমিস্ট্রি, অ্যানেসথেসিওলজি বিষয়ে শিক্ষকস্বল্পতা দূর করা নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সভায় এ বিষয়ে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে।
সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহ-উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এসব বিষয়ে শিক্ষকস্বল্পতা দূর করতে হলে শিক্ষকদের প্রণোদনার ব্যবস্থা করতে হবে। আমি সভায় মূল বেতনের সমান প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছি।’
সভায় অংশগ্রহণকারীদের মধ্যে সরকারি ৩০টি মেডিকেল কলেজের ওই আট বিষয়ের শিক্ষক-সংকটের তথ্য বিতরণ করা হয়। তাতে দেখা যায়, এসব বিষয়ে অধ্যাপকের ৪৭টি, সহযোগী অধ্যাপকের ৩৫টি ও সহকারী অধ্যাপকের ৫৮টি পদে লোক নেই। এ ছাড়া জুনিয়র কনসালট্যান্টের ১ হাজার ৫৭৭টি পদ শূন্য। সভায় বেসরকারি মেডিকেল কলেজের তথ্য উপস্থাপন করা হয়নি।
৫ জানুয়ারি প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘মেডিকেল শিক্ষায় জোড়াতালি’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। তাতে সরকারি ও বেসরকারি খাতের তথ্য তুলে ধরে বলা হয়, কলেজগুলোতে প্রয়োজনের ৬৩ শতাংশ শিক্ষকের ঘাটতি আছে।