মেডিকেল কলেজে শিক্ষাবান্ধব পরিবেশ আনার দাবি
বামপন্থী চিকিত্সকদের সংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট মেডিকেল কলেজগুলোতে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির দাবি জানিয়েছে। আজ সোমবার এক বিবৃতিতে স্বাস্থ্য শিক্ষা খাতে বিদ্যমান সমস্যা সমাধানে সরকারকে আশু পদক্ষেপ নিতে বলেছে সংগঠনটি।
ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সাধারণ সম্পাদক কাজী রকিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, কিছু বেসরকারি মেডিকেল কলেজ বারবার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ছাত্র ভর্তির চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এখন তারা প্রচলিত পরীক্ষা পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বর্তমান সরকার যে সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতি মেডিকেল কলেজগুলোর জন্য চালু করেছে, তা চিকিত্সক হওয়ার জন্য ন্যূনতম শর্ত পূরণ করছে।
সংগঠনটি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি ফি কমানোরও দাবি তুলেছে। তারা বলছে, ভর্তিতে একেকটি কলেজ ১৫ লাখ টাকা পর্যন্ত দাবি করছে। বেশির ভাগ অভিভাবকের জন্য এই টাকা জোগাড় করা সম্ভব নয়। তা ছাড়া বেসরকারি মেডিকেল কলেজগুলোর বেশির ভাগই অবকাঠামোগত দিক থেকে দুর্বল, এগুলোর প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নেই, কলেজের সঙ্গে হাসপাতাল নেই এবং রোগীও নেই। কোনো কোনোটির বিএমডিসির অনুমোদন নেই।
ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট বলছে, তারা মনে করে স্বাস্থ্যশিক্ষার ক্ষেত্রে বিদ্যমান ব্যবসায়িক মনোবৃত্তি পরিহার করে, শিক্ষার ব্যয় কমিয়ে ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শিক্ষাবান্ধব মেডিকেল কলেজ তৈরি করে এ সমস্যার সমাধান সম্ভব।