কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীরের অপসারণ ও বিচার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীরের কুশপুত্তলিকা পোড়ায় ছাত্রলীগ।
মানববন্ধনে বক্তারা বলেন, দিয়াজ ইরফান কেবল ছাত্রলীগের নেতা ছিলেন না; তিনি ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান। তাঁর মৃত্যুরহস্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে উন্মোচন করতে হবে। তাঁরা অভিযোগ করেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর ভুল ময়নাতদন্ত প্রতিবেদন দিয়েছেন। ইতিমধ্যে এ প্রতিবেদন প্রশ্নবিদ্ধ হয়েছে। সেলিম জাহাঙ্গীরের অপসারণ ও বিচারের জোর দাবি জানান বক্তারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সহসভাপতি রেজাউল হক, নুরুজ্জামান, আলামিন রিমন, আমিনুল ইসলাম, লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, মিনহাজুল ইসলাম, মো. ফারুক, অর্থ সম্পাদক এস এম জাহেদুল আওয়াল প্রমুখ।