পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করে রাঙামাটিতে মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করার প্রতিবাদে জেলায় আজ শনিবার অবরোধ ডেকেছে সন্তু লারমা-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। তবে ছাত্রলীগের পক্ষ থেকে অবরোধকারীদের রাজপথে মোকাবিলার ঘোষণা দেওয়া হয়েছে। এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের পাশের করোনারি কেয়ার ইউনিট ভবনে সকাল নয়টায় মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষা কার্যক্রম আজ উদ্বোধন করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং।
পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলার সভাপতি বাচ্চু চাকমা বলেন, ‘কর্মসূচি হবে শান্তিপূর্ণ। শান্তিপূর্ণ অবরোধ আমাদের গণতান্ত্রিক অধিকার।’ গতকাল শুক্রবার সন্ধ্যায় পাহাড়ি ছাত্র পরিষদ অবরোধের পক্ষে মিছিল বের করে।
জনসংহতি সমিতি (এম এন লারমা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদও গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। পার্বত্য চট্টগ্রামের জনগণের মতামতকে উপক্ষো করে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালানো হলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
ছাত্রলীগের পক্ষ থেকে গতকাল বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে রাঙামাটিতে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে অবরোধ প্রত্যাহার করার জন্য পাহাড়ি ছাত্র পরিষদের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ছাত্রলীগের রাঙামাটি জেলা সভাপতি শাহ এমরান রোকন। পরে ছাত্রলীগ মেডিকেল কলেজ উদ্বোধন উপলক্ষে একটি আনন্দ মিছিল বের করে।
পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে রাঙামাটির ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারওয়ার বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি হয়—এমন কাজ করলে বা কোনো সরকারি কাজে বাধা দেওয়া হলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খাগড়াছড়িতে বিক্ষোভ: খাগড়াছড়ি প্রতিনিধি জানিয়েছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে রাঙামাটিতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করার প্রতিবাদে গতকাল বিকেলে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে এম এন লারমা-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ।
খাগড়াছড়ি সদরের মিলনপুর এলাকার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি চেঙ্গী স্কয়ারে এসে সমাবেশ করে। এতে বক্তব্য দেন জনসংহতি সমিতির (এম এন লারমা) সদর উপজেলা শাখার সহসভাপতি প্রত্যয় চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিভাস চাকমা, জিকো চাকমা, রিয়েল চাকমা প্রমুখ।