মেডিকেল-ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় গতকাল শনিবার রাতে মীর জেরিন (২০) নামের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি উত্তরার একটি বেসরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় মহিউদ্দিন নামের এক যুবক মীর জেরিনকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মহিউদ্দিন সাংবাদিকদের কাছে দাবি করেন, মীর জেরিন তাঁর বন্ধু। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি ও জেরিন খিলক্ষেত থানা এলাকার হোটেল র্যা ডিসনের পেছনে রেললাইন ধরে হাঁটছিলেন। ওই সময় ঢাকা-কমলাপুরগামী একটি ট্রেন জেরিনকে ধাক্কা দেয়। এতে জেরিন গুরুতর আহত হন। তখন তিনি প্রথমে জেরিনকে স্থানীয় একটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে জেরিনের খালু শামীম হোসেন দাবি করেন, মৃত্যু নিয়ে তাঁর সন্দেহ আছে। কারণ, মহিউদ্দিন অসংলগ্ন কথা বলেছেন। শামীম বলেন, তিন ভাইবোনের মধ্যে জেরিন সবার বড়। জেরিন ছাড়া তাঁর বাবা-মাসহ পরিবারের সদস্যরা কানাডায় থাকেন। জেরিন ওই মেডিকেল কলেজসংলগ্ন হোস্টেলে থাকতেন। সূত্র জানায়, শাহবাগ থানার পুলিশ মহিউদ্দিনকে আটক করে থানায় নিয়ে গিয়ে ঢাকা কমলাপুর রেলওয়ে থানার পুলিশকে বিষয়টি জানায়। কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’