মেডিকেল ছাত্রীর ঝুলন্ত লাশ
চট্টগ্রামের খুলশী থানার ফয়’স লেক এলাকার ভাড়া বাসা থেকে এক মেডিকেল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত মেডিকেল ছাত্রী হলেন নিহার নিগার (২০)। তিনি নগরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) মেডিসিন অনুষদের প্রথম বর্ষের ছাত্রী। নিহার নিগারের পিতা জহির আহমদ একজন চিকিৎসক। তাঁদের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার খুদুকখালীতে।
খুলশী থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, নিহার আরও দুই সহপাঠীকে নিয়ে নগরের ফয়’স লেকের গ্রিনলিফ আবাসিক ভবনের তৃতীয় তলার দুই কক্ষবিশিষ্ট একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন।
এসআই লোকমান জানান, সোমবার রাতে বান্ধবীদের সঙ্গে আড্ডা দিয়ে ঘুমাতে যান নিহার। গতকাল সকালে ডাকাডাকির পর তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন বান্ধবীরা। পরে নিহার চাচা বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিলিং ফ্যানে ওড়না প্যাঁছানো অবস্থায় নিহার ঝুলন্ত লাশ উদ্ধার করে।