মেডিকেল ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ
মির্জাপুর কুমুদিনী মহিলা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী নাবিলা তাহসিন সরকারের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কিশোরগঞ্জের ভৈরবে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ ছাত্ররা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ তৈরি করা হয়। অবরোধের কারণে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ ছাত্ররা চলনবিল পরিবহনের কাউন্টার ভাঙচুর করেন।নিহত নাবিলার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জামালপুর গ্রামে। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য অবসরে যাওয়া স্বাস্থ্য কর্মকর্তা মির্জা মো. শাহানের একমাত্র মেয়ে।অবরোধকারীরা জানান, গত বৃহস্পতিবার বিকেলে নরসিংদীতে চলনবিল পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাবিলাসহ চারজন নিহত হন। চলনবিল পরিবহনের চালকেরা বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রতি সপ্তাহে এই পরিবহনের যাত্রীরা সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন। চালকের অদায়িত্বশীল ভূমিকার কারণে আর একটি প্রাণও যেন অকালে ঝরে না পড়ে, সেই দাবিতেই তাঁরা অবরোধে নেমেছেন।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির জানান, অবরোধকারীদের দাবি হলো, ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো চালক দিয়ে যেন গাড়ি চালানো না হয় এবং নাবিলার মৃত্যুর বিচার। দাবি পূরণের ব্যাপারে নিশ্চয়তা দেওয়ার পর অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে চলে যান। শোকে স্তব্ধ নাবিলার গ্রামের বাড়িগতকাল দুপুরে ভৈরব উপজেলার জামালপুর গ্রামে পারিবারিক কবরস্থানে নাবিলাকে দাফন করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব পৌর শহর রাজকাচারী মাঠে প্রথম জানাজা এবং দুপুর ১২টার দিকে গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা হয়। সাড়ে ১১টার দিকে নাবিলার মৃতদেহ জামালপুর গ্রামে নিয়ে যাওয়া হলে গ্রামবাসী কান্নায় ভেঙে পড়েন।