মেডিকেল টেকনোলজি কোর্স নিয়ে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত মেডিকেল টেকনোলজি কোর্স এবং ‘স্বাস্থ্যপ্রযুক্তি ও সেবা কার্যক্রম’ পরিচালনা কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন। শিক্ষাসচিব, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (কারিগরি-২), কারিগরি শিক্ষা বোডের্র চেয়ারম্যান, বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও পরিচালককে (পাঠ্যক্রম) চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। পাইওনিয়ার ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. মাহমুদুল হাসান গত সপ্তাহে রিটটি করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইয়ারুল ইসলাম। পরে তিনি প্রথম আলোকে বলেন, মেডিকেল শিক্ষাসংক্রান্ত কোনো কোর্স শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলতে পারে না। আইনত এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হওয়ার কথা। এসব যুক্তিতে রিটটি করা হয়।