মেডিকেল টেকনোলজিস্টদের ধর্মঘটে রোগীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেডিকেল টেকনোলজিস্টদের কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের বেশ দুর্ভোগ পোহাতে হয়। ছবি: জুয়েল শীল
মেডিকেল টেকনোলজিস্টদের কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের বেশ দুর্ভোগ পোহাতে হয়। ছবি: জুয়েল শীল

চাকরি শুরুর বেতন স্কেল ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করাসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের মেডিকেল টেকনোলজিস্টরা আজ বুধবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় শত শত রোগীকে।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি চলাকালে মেডিকেল টেকনোলজিস্টদের জাতীয় দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দাবি সংবলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে অনুষ্ঠিত র‌্যালিতে হাসপাতালের বিভিন্ন বিভাগের টেকনোলজিস্টরা অংশ নেন। পরে চমেক মোজাম্মেল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বেসরকারি হাসপাতাল এবং রোগ নির্ণয় কেন্দ্রের টেকনোলজিস্টরাও এই কর্মবিরতি পালন করেন। তাদের কেউ কেউ চমেক হাসপাতালের কর্মসূচিতে যোগ দেন।

সমাবেশে বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্টরা দীর্ঘদিন ধরে দাবিনামা পেশ করে এলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই। তাই তারা অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। নইলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করে চমেক মোজাম্মেল চত্বরে সমাবেশ করেন মেডিকেল টেকনোলজিস্টরা। ছবি: জুয়েল শীল
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করে চমেক মোজাম্মেল চত্বরে সমাবেশ করেন মেডিকেল টেকনোলজিস্টরা। ছবি: জুয়েল শীল


দাবির মধ্যে মেডিকেল টেকনোলজিস্টদের চাকরির প্রারম্ভিক বেতন স্কেল ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, মেডিকেল টেকনোলজিস্টদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর চালু করা, ঝুঁকি ভাতা চালু করা, বিএসসি এবং এমএসসি ডিগ্রিধারী টেকনোলজিস্টদের নবম গ্রেড পদ সৃষ্টি অন্যতম।

চট্টগ্রাম মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নূরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন খন রঞ্জন রায়, আবুল হাসান, সাদেকুর রহমান চৌধুরী, শুভাশীষ বড়ুয়া, অমিত ঘোষ, আলী আকবর প্রমুখ।

বাইরে রোগীদের দীর্ঘ লাইন। ​কিন্তু টেকনোলজিস্ট না থাকায় ফাঁকা পড়ে থাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কক্ষগুলো। ছবি: জুয়েল শীল
বাইরে রোগীদের দীর্ঘ লাইন। ​কিন্তু টেকনোলজিস্ট না থাকায় ফাঁকা পড়ে থাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কক্ষগুলো। ছবি: জুয়েল শীল


এদিকে, কর্মবিরতি চলাকালে হাসপাতালের রেডিওলজি, ফিজিওলজি, ব্লাড ব্যাংক, প্যাথলজি, রেডিওথেরাপিসহ বিভিন্ন বিভাগের রোগীদের ভিড় দেখা যায়। অপেক্ষায় থাকতে হয় দীর্ঘক্ষণ।

মো. জামাল উদ্দিন (৬০) নামে এক রোগী বলেন, ‘আমি দেড় ঘণ্টা ধরে এখানে অপেক্ষা করছি। এখনো এক্স-রে করাতে পারিনি।’

বেলা সাড়ে ১১টার দিকে রেডিওলজি বিভাগে গিয়ে দেখা যায় অন্তত ২০ থেকে ২৫জন রোগী এক্স রে করানোর জন্য অপেক্ষা করছিলেন।

হাসপাতালের মেডিসিন বিভাগের রোগী আবু তাহেরও আসেন বুকের এক্স-রে করানোর জন্য। কিন্তু ঘণ্টাখানেক অপেক্ষার পরও তিনি তা করাতে পারেননি।

একইভাবে ব্লাড ব্যাংকেও রক্ত স্ক্রিনিং করানোর জন্য স্বজনদের ভিড় দেখা গেছে। ফরিদ নামে একজন বলেন, ‘আমার রোগীর জরুরি রক্ত দরকার। কিন্তু টেকনোলজিস্টদের ধর্মঘটের কারণে বসে আছি। জরুরি ভিত্তিতে একজন টেকনোলজিস্ট কাজ করলেও রক্তের জন্য দীর্ঘ লাইন পড়ে গেছে।’

তবে বিভিন্ন জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য প্রতিটি বিভাগে একজন করে টেকনোলজিস্ট দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।