
১০ দফা দাবিতে গতকাল শনিবার চট্টগ্রামে মানববন্ধন ও সিভিল সার্জন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বেকার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন।
চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বেকার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মমতাজ উদ্দিন। এতে বক্তৃতা করেন সংগঠনের সদস্যসচিব মোহাম্মদ জাহি ও সদস্য সানোয়ার হোসেন এবং বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন মির্জা ও সাধারণ সম্পাদক তন্ময় দেব।
কর্মসূচিতে বক্তারা সংগঠনের ১০ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। বক্তারা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অভিন্ন নীতিমালা প্রণয়ন করে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি কোর্স পরিচালনার দাবি জানান। কোর্স চার বছর করার দাবিও জানান তাঁরা।
বক্তারা বেকার মেডিকেল টেকনোলজিস্টদের সমস্যা দূর করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা মেনে নতুন পদ সৃষ্টির দাবি জানান। তাঁরা প্রাইভেট চাকরির নীতিমালা প্রণয়ন করে দেশের প্রতিটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগদান বাধ্যতামূলক করার দাবি জানান।
মানববন্ধন শেষে সংগঠনের সদস্যরা মিছিল নিয়ে আন্দরকিল্লায় সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করতে যান। গতকাল সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সিভিল সার্জনের সঙ্গে সংগঠনের নেতারা দেখা করতে পারেননি। সংগঠনের নেতারা জানান, ১০ দফা দাবিতে আজ রোববার সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
সংগঠনের সভাপতি মমতাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, চিকিৎসাসেবায় মেডিকেল টেকনোলজিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। রোগনির্ণয়কেন্দ্রে সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা না হলে রোগীরা ভোগান্তিতে পড়ে। এই অবস্থায় টেকনোলজিস্টদের গুণগত মান উন্নয়নের পাশাপাশি তাঁদের সুযোগ-সুবিধার বিষয়টি দেখতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা টেকনোলজিস্টদের কোর্স চার বছর করার দাবি জানিয়েছি। এতে দেশে দক্ষ টেকনোলজিস্ট গড়ে উঠবে। এ ছাড়া বেকার টেকনোলজিস্টদের চাকরি দিতে হবে।’