মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন এই আদেশ দেন। পাশাপাশি ওই বিজ্ঞাপন কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। স্বাস্থ্যসচিব ও শিক্ষাসচিবসহ সাত বিবাদীকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ১৮ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে দুই হাজার ৭৭টি পদে নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিজ্ঞাপন ছাপা হয়। ওই বিজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকির‌্যাসা অনুষদ কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে তিন বছরের ডিপ্লোমা না থাকলে আবেদন করা যাবে না। এর বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা সনদধারী নাজমুল হক ও অধিভুক্ত তিন প্রতিষ্ঠান গত মঙ্গলবার রিট আবেদনটি করে। আদালতে রিটের পক্ষে আইনজীবী মাহবুব শফিক ও কে এম হাফিজুল আলম শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। কে এম হাফিজুল আলম প্রথম আলোকে বলেন, একই বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেও সনদ দেওয়া হয়। দেশের ২২৭ শিক্ষাপ্রতিষ্ঠানে বিষয়টি পড়ানো হয়। অথচ শর্তারোপের কারণে এখন অন্যরা মেডিকেল টেকনোলজিস্ট পদে আবেদন করতে পারছেন না। এটা বৈষম্যমূলক। তাই রিটটি করা হয়।