মেডিকেল টেকনোলজিস্টদের সিলেকশন গ্রেডের আদেশ জারি
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন দেশের সরকারি হাসপাতালগুলোতে কর্মরত টেকনোলজিস্টদের সিলেকশন গ্রেড দেওয়ার আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়। গত রোববার অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ থেকে এ আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স পাস করা মেডিকেল টেকনোলজিস্টদের কর্মস্থলে পাঁচ বছর সন্তোষজনক চাকরির রেকর্ড থাকতে হবে। এ ছাড়া প্রচলিত শর্ত পালন সাপেক্ষে তাঁদের মঞ্জুরি করা মোট পদের শতকরা ৫০ ভাগ জ্যেষ্ঠতার ভিত্তিতে বিদ্যমান বেতন স্কেলের পরবর্তী উচ্চতর বেতন স্কেলটি সিলেকশন গ্রেড স্কেল হিসেবে আদেশ জারির দিন থেকে কার্যকর হবে। বাংলাদেশ ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফরিদ আহম্মদ, মহাসচিব সেলিম মোল্লা, ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের সভাপতি খান মোহাম্মদ এসহাক, সদস্যসচিব মনিরুজ্জামান দীর্ঘদিনের এ দাবিটি বাস্তবায়িত হওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিজ্ঞপ্তি