মেডিকেল প্রশ্ন ফাঁস: স্বাধীন কমিশন দিয়ে তদন্তের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাঁস হওয়া প্রশ্নে অনুষ্ঠিত পরীক্ষা ও ফলাফল বাতিল এবং পুনরায় পরীক্ষায় গ্রহণের দাবিতে আজ শিক্ষার্থী-অভিভাবকেরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে প্রেসক্লাবে যান। এরপর সেখানে সংবাদ ব্রিফিং করা হয়।  ছবি: সাজিদ হোসেন
ফাঁস হওয়া প্রশ্নে অনুষ্ঠিত পরীক্ষা ও ফলাফল বাতিল এবং পুনরায় পরীক্ষায় গ্রহণের দাবিতে আজ শিক্ষার্থী-অভিভাবকেরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে প্রেসক্লাবে যান। এরপর সেখানে সংবাদ ব্রিফিং করা হয়। ছবি: সাজিদ হোসেন

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি করেছে ছাত্র-অভিভাবক ঐক্য ফোরাম। একই সঙ্গে এই কমিশনকে ‘তদন্ত কমিশন আইন ১৯৫৬’-এর আওতায় গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ ​সম্মেলন করে ফোরামের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। সেখানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আসেফ বিন তাকি আর অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন আশরাফ কামাল।

ব্রিফিংয়ে জানানো হয়, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম একজন সাংসদের মাধ্যমে তাদের সঙ্গে আলোচনার জন্য যোগাযোগ করেছেন। ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে সাংবাদিকদের উপস্থিতিতে এ বৈঠক হতে হবে। এবং এটি রুদ্ধদ্বার বৈঠক হবে না। আর বৈঠকের জন্য তাঁরা আগামী সোমবারের কথা বললেও মন্ত্রী কিছু জানাননি। এ ছাড়া ব্রিফিংয়ে প্রজেক্টরে মাধ্যমে ‘ফাঁস’ হওয়া প্রশ্নপত্র দেখানো হয়। দাবি করা হয় ভর্তি পরীক্ষা যে প্রশ্নপত্র দিয়ে হয়েছে সেটির সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের ৭৭টির মিল রয়েছে। একই সঙ্গে ফাঁস হওয়া প্র​শ্নে পরীক্ষা দিয়ে পাস করা এক শিক্ষার্থীর ​মোবাইল কথোপকথন (রেকর্ড) শোনানো হয়। ফোরামের দাবি ওই শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেল কলে​জে ভর্তির সুযোগ পেয়েছেন।

এর আগে সকাল ১০টার দিকে ছাত্র-অভিভাবক ঐক্য ফোরামের ব্যানারে মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ​কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখানে তাঁরা প্রতি​দিনের মতো বি​ক্ষোভ কর্মসূচি পালন করেন।

গত ১৮ সেপ্টেম্বর মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক দিন পর থেকেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। গত বুধবার আন্দোলনের ১৯তম দিনে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থীর সমাবেশ ছত্রভঙ্গ করে পুলিশ। এতে কমপক্ষে ৩০ জন শিক্ষার্থী আহত হন বলে দাবি করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এর আগে মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট পালন করে বেশ কটি প্রগতিশীল ছাত্রসংগঠন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকটি ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন।