মেডিকেল ফিজিকস পদ সৃষ্টির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসার চিকিৎসায় পরমাণু শক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য মেডিকেল ফিজিকস বিষয়ে বিভিন্ন হাসপাতালে পদ সৃষ্টি এবং এ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ বুধবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান গত তিন বছরে ভূগর্ভস্থ পানি ও কয়লার স্তর এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভূতাত্ত্বিক অবস্থা নির্ণয়ে ৩০টি ভূপদার্থিক লগিং, চিকিৎসা শিল্প ও গবেষণা প্রতিষ্ঠানে ২৬০টি তেজস্ক্রিয় পরীক্ষণযন্ত্রের ক্যালিব্রেশন, ৬৭টি তেজস্ক্রিয় যন্ত্র উৎপাদন ও বিপণন করেছে। সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ক্যানসার চিকিৎসায় ৪৬টি রেডিও থেরাপির মান নিয়ন্ত্রণ করেছে এবং সংশ্লিষ্ট বিষয়ে ১ হাজার ৪২০ জনকে প্রশিক্ষণ দিয়েছে।

কমিটির সভাপতি আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে কমিটির সদস্য ইমরান আহমেদ, মো. আমান উল্লাহ, আয়েন উদ্দিন ও নুরুল ইসলাম বৈঠকে অংশ নেন। কমিটির বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বৈঠকে উপস্থিত ছিলেন।

এদিকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন প্লট ও ফ্ল্যাট প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি। আজ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।