মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে যাচ্ছে কলেজগুলো

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজ তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে মেডিকেল কলেজ পরিচালনার কাজ সহজ হবে।
গতকাল রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অঙ্গ প্রতিস্থাপনবিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। সোসাইটি অব অরগান ট্রান্সপ্লান্টেশন অব বাংলাদেশ এর আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল কলেজগুলোকে বিভাগ অনুযায়ী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা বিভাগের মেডিকেল কলেজগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে আনা হবে। চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলের কলেজগুলো যথাক্রমে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতায় যাবে। এতে কলেজ পরিচালনা সহজ হবে।
বর্তমানে মেডিকেল কলেজগুলোর শিক্ষার্থীরা ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত হন। এমবিবিএস পাস করার পর তাঁরা এসব বিশ্ববিদ্যালয়ের সনদ পান।
অনুষ্ঠানে হৃদ্রোগের চিকিৎসাসামগ্রী স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) মেনে চলার জন্য চিকিৎসক, ব্যবসায়ীসহ সবার প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা কমেছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘একটি হাসপাতাল যদি ১১০০ টাকায় ডায়ালাইসিস সেবা দিতে পারে, তা হলে অন্যরা পারবে না কেন?’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আর্সলান প্রমুখ বক্তব্য দেন।