মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাড়তি কাজের আহ্বান
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কামরুল হাসান খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিকিৎসকদের দায়িত্বের অতিরিক্ত কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রয়োজনে অফিসের নির্ধারিত সময়ের পরও অতিরিক্ত সময় দিতে হবে।’
আজ রোববার দায়িত্বশীলতা ও নৈতিক মূলনীতিবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কামরুল হাসান খান এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এই কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানের কনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকদের উদ্দেশে কামরুল হাসান খান বলেন, বর্তমান প্রশাসন ‘চেইন অব কমান্ড’ ও ‘সিস্টেম’ উন্নয়নে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে প্রত্যেককে দরদ দিয়ে দায়িত্ব পালন করতে হবে।
কারিগরি অধিবেশনে শিক্ষকদের উদ্দেশে বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ–উপাচার্য মোহাম্মদ সহিদুল্লা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিশেষজ্ঞ সঞ্জয় কুমার অধিকারী ও এম আবুল কাশেম। বিজ্ঞপ্তি।