মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা গতকাল বুধবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে তাঁরা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার দায়ে স্বাস্থ্য অধিদপ্তরের দুজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। এ ছাড়া তাঁরা পরীক্ষা বাতিল করে নতুন ভর্তি পরীক্ষা নেওয়ারও আবেদন জানিয়েছেন।
গতকাল সকাল ১০টায় শিক্ষার্থী ও অভিভাবকদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি দেয়। তাতে শিক্ষার্থী ও অভিভাবকেরা বলেছেন, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। ফাঁস করা প্রশ্নের সঙ্গে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন হুবহু মিলে গেছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে আটক করেছে। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালকের (শিক্ষা) নাম এজাহারে উল্লেখ করা হয়নি। নীতিমালা অনুযায়ী তাঁরা প্রশ্ন তৈরি ও সংরক্ষণের সঙ্গে যুক্ত।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) এ বি এম আবদুল হান্নান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে নিশ্ছিদ্র নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে প্রশ্ন ছাপা ও পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর আগ পর্যন্ত কেউ প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ তোলেননি। প্রশ্ন ফাঁসের অভিযোগ উত্থাপন ও ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট আবেদন হাইকোর্ট খারিজ করেছে। ফলে বিষয়টি মীমাংসিত।’
১৮ সেপ্টেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর থেকেই প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা বিক্ষোভ করছেন।