মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা লজ্জাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে চট্টগ্রাম নগরে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। তাঁরা বলেন, একের পর এক বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা লজ্জাজনক। এতে জাতির নৈতিক ভিত্তি ধ্বংস হয়ে যাচ্ছে।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী অর্পণ পাল, অনিরুদ্ধ বড়ুয়া, সাজিদ হোসেন, মোহাম্মদ রিয়াদ, রাফিউল ইসলাম, ওসমান হোসেন, রাকিব আহমেদ প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, কয়েক বছর ধরে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে। এমনকি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন পর্যন্ত ফাঁস হয়েছে। এবার ফাঁস হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। তাঁরা মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানান।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রশ্নপত্র প্রণয়ন, ছাপা ও বিতরণের দায়িত্বে থাকা কিছু লোক প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত। বছরের পর বছর প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলেও সরকার কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।