প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আদালতে দেওয়া মেডিকেল রিপোর্টে ‘ভেজাল’ বরদাশত করা হবে না। এ ধরনের কাজের জন্য দায়ী চিকিৎসকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
নরসিংদী জেলা জজশিপের সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে জুডিশিয়াল কনফারেন্সে প্রধান বিচারপতি এসব কথা বলেন। তিনি মেডিকেল রিপোর্ট কম্পিউটারে টাইপ করতে না পারলে ইংরেজি বড় অক্ষরে লেখার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। এতে বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্টদের সুবিধা হবে বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি।
জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজিবের সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন ও রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। এতে জেলার বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনজীবী, পুলিশ ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান বিচারপতি আদালতের বিচারকাজ পরিদর্শন করেন।
পরে বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশের সব আদালতের প্রায় ৪৫ শতাংশ মামলার নিষ্পত্তি হয়ে যাবে। গত তিন মাসে প্রায় ২৬ শতাংশ মামলা নিষ্পত্তি হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি হলো আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থা। এ দুটি ভালো থাকলে দেশে বিদেশি বিনিয়োগ বাড়ে।’ তিনি দেশের স্বার্থে বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে কাজ করার আহ্বান জানান।
আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘আইন পেশা শুধু টাকাপয়সা রুজি করার পেশা নয়। এর আদর্শ ও উদ্দেশ্য হচ্ছে সেবা। সমাজের যারা নিপীড়িত, তাদের সাহায্য করাই আপনাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত।’
অভ্যর্থনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম, জেলা পরিষদের প্রশাসক আসাদুজ্জামান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।