সাভারে হরতাল চলাকালে গত মঙ্গলবার বাস ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার হওয়া শিবিরের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার বিচারিক হাকিম আদালত ওই আদেশ দেন।ওই দুজন হলেন সাভারের এনাম মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র বাকী বিল্লাহ ও তৃতীয় বর্ষের ছাত্র আহমেদ আলী। একই প্রতিষ্ঠানের শেষ বর্ষের ছাত্র মুজাক্কিরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সাভার থানার পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সাভার বাসস্ট্যান্ডের অদূরে রানা প্লাজার সামনে হরতাল-সমর্থক শিবিরের কর্মীরা একটি বাস ভাঙচুর করে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ দুই বোতল পেট্রলসহ নাজমুল হাসান নামের একজনকে গ্রেপ্তার করে। তিনি সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) প্রতিষ্ঠিত বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র। পরে নাজমুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এনাম মেডিকেল কলেজের ছাত্রাবাস থেকে আহমেদ আলী, বাকী বিল্লাহ ও মুজাক্কিরকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, নাজমুলকে মঙ্গলবার বিকেলে ঢাকার বিচারিক আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়। বাস ভাঙচুরের সঙ্গে আহমেদ আলী, বাকী বিল্লাহ ও মুজাক্কিরের সঙ্গে তিনিও জড়িত ছিলেন বলে স্বীকার করেন।জবানবন্দি শেষে আদালত নাজমুলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বাকি তিনজনকে গতকাল আদালতে হাজির করা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুজনের রিমান্ড মঞ্জুর করেন এবং একজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। সাভার থানার উপপরিদর্শক কাইসার মাতুব্বর বলেন, গ্রেপ্তার হওয়া শিবিরের কর্মীরা বাস ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের সঙ্গে আরও ১০ থেকে ১৫ জন প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।