মেডিকেল সনদ দ্রুত ও নির্ভুল দেওয়ার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে গতকাল শনিবার দুপুরে ‘বিচার বিভাগীয় সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মেডিকেল সনদ পেতে দেরি হওয়ায় মামলার তদন্ত প্রতিবেদন সময়মতো দেওয়া সম্ভব হয় না। আবার অনেক ক্ষেত্রে মেডিকেল সনদে ভুল থাকে। এতে বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হন।

সম্মেলনে আদালতে বিচারাধীন প্রায় ৬৬ হাজার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সব পক্ষকে আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম। সিনিয়র সহকারী জজ অসীম কুমার দের সঞ্চালনায় সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী জজ মো. আবুল মনসুর সিদ্দীকী।

সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ তৌফিক আজিজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওসমান গণি, যুগ্ম জেলা ও দায়রা জজ ফখরুল আবেদীন, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মুহাম্মদ মোশাররফ হোসাইন, কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, সিভিল সার্জন পু চ নু, সরকারি কৌঁসুলি মমতাজ আহমদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আ জ ম মঈন উদ্দিন, জ্যেষ্ঠ বিচারিক হাকিম অরুন পাল, নিশাদুজ্জামান, মো. নেজাম উদ্দিন, মাহমুদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, সুশান্ত প্রসাদ চাকমা, সিনিয়র সহকারী জজ শফিউল আলম, কনক বড়ুয়া, আসমা বেগম প্রমুখ।

সভায় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, সময়মতো মেডিকেল সনদ পাওয়া না যাওয়ার কারণে সঠিক সময়ে মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব হয় না। এ কারণে মামলার তদন্ত কর্মকর্তা সমস্যায় পড়েন। বিচারপ্রক্রিয়াও বিলম্বিত হয়। তাঁর অভিযোগ, অনেক ক্ষেত্রে চিকিৎসকেরা ময়নাতদন্ত প্রতিবেদনে ভুল করেন। উদাহরণ টেনে ওসি বলেন, কয়েক মাস আগে শহরের কলাতলীর একটি হোটেলে এক লোক আত্মহত্যা করেন। দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করা হয়। কিন্তু চিকিৎসক ওই ঘটনার ময়নাতদন্ত প্রতিবেদনে লিখেছেন, ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

সাবেক সরকারি কৌঁসুলি নুরুল মোস্তফা অভিযোগ করেন, মাদকের কারবারিরা আটক হলেও অসুস্থতার অজুহাত দেখিয়ে মেডিকেল সনদ নিয়ে তাঁরা কারাগারে সুযোগ-সুবিধা ভোগ করেন। এটি বন্ধ করা দরকার। পুলিশ কোনো অপরাধে শিশু আটক করলেও তাকে আদালতে পাঠানোর সময় শিশু উল্লেখ থাকে না।

একাধিক আইনজীবী অভিযোগ করেন, মেডিকেল সনদ দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠনের নিয়ম আছে। কিন্তু কক্সবাজারে শুধু একজন চিকিৎসকই মেডিকেল সনদ তৈরি করেন।

অভিযোগের বিষয়ে সিভিল সার্জন পু চ নু বলেন, নিয়ম থাকলেও চিকিৎসকের সংকটের কারণে একজন চিকিৎসকই মেডিকেল সনদ দেন। আগে এ ধরনের ভুল হলেও এখন থেকে মেডিকেল সনদ তৈরিতে চিকিৎসকেরা আরও বেশি দায়িত্বসচেতন হবেন বলে জানান তিনি।

বিকেলে জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম আদালতের বিচারক ও ম্যাজিস্ট্রেটদের নিয়ে পৃথক সভায় মিলিত হন। এ সময় দেওয়ানি ও ফৌজদারি আদালতের কার্যক্রম পরিচালনায় উদ্ভূত সমস্যা দূরীকরণে নানা সুপারিশ গ্রহণ করা হয়।