মেডিকেলে আবার ভর্তি পরীক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা বাতিল ও নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে গতকাল রাজধানীতে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করেন শিক্ষার্থী-অভিভাবক ও বুদ্ধিজীবীরা l ছবি: প্রথম আলো
মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা বাতিল ও নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে গতকাল রাজধানীতে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করেন শিক্ষার্থী-অভিভাবক ও বুদ্ধিজীবীরা l ছবি: প্রথম আলো

মেডিকেল কলেজে ভর্তির প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ও নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশ্ন ফাঁসের প্রমাণ হাজির করার ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবার আন্দোলনের ২১তম দিনে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
আন্দোলনরত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা জানিয়েছেন, আজ সংবাদ সম্মেলনের আগে সকাল ১০টায় তাঁরা শহীদ মিনারে মিলিত হবেন। সেখান থেকে শাহবাগে এসে গত বুধবার তাঁদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন। পরে দুপুরের দিকে শাহবাগ থেকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ হাজির করবে।
এ বিষয়ে আন্দোলনকারীদের মুখপাত্র মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘পরীক্ষার আগের দিন ফেসবুক, হোয়াটস অ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া প্রশ্নপত্রের স্ক্রিনশট আমাদের কাছে আছে। সেই প্রশ্ন পেয়ে যাঁরা পরীক্ষা দিয়েছেন, তাঁদের কয়েকজনের স্বীকারোক্তিও আমরা সংবাদ সম্মেলনে হাজির করব।’
গত ১৮ সেপ্টেম্বর মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক দিন পর থেকেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। গত বুধবার আন্দোলনের ১৯তম দিনে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থীর সমাবেশ ছত্রভঙ্গ করে পুলিশ। এতে কমপক্ষে ৩০ জন শিক্ষার্থী আহত হন বলে দাবি করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এর আগে মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট পালন করে বেশ কটি প্রগতিশীল ছাত্রসংগঠন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকটি ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন।
গতকাল শাহবাগের সমাবেশে ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, গাজীপুরসহ বিভিন্ন এলাকার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা যোগ দেন। এদিন সমাবেশে আন্দোলনকারীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজিমউদ্দীন খান, প্রকৌশলী ম. ইনামুল হক, ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক শান্তনু মজুমদার, বিজ্ঞানচর্চা কেন্দ্রের সংগঠক ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জয়দীপ সরকার, প্রগতিশীল চিকিৎসক ফোরামের রত্না বৈষ্ণব প্রমুখ।
তানজিমউদ্দীন খান বলেন, এ রাষ্ট্রে এখন আর মেধাবীদের লালন করা হয় না। প্রশ্নফাঁসের মধ্য দিয়ে মেধাহীনদের লালন করা হয়। যাঁরা প্রশ্ন ফাঁস করে তাঁদের শায়েস্তা না করে মেধাবীদের লাঠিপেটা করা হয়।
পুলিশকে উদ্দেশ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘গত ২০ দিনের আন্দোলনে আমরা রাষ্ট্রীয় কোনো সম্পদের ক্ষতি করিনি। করবও না। আমরা শুধু রাজপথে থাকতে চাই। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই।’
ময়মনসিংহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমন হোসাইন অভিযোগ করে বলেন, ‘মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যাতে আন্দোলনে অংশ নিতে না পারে তার জন্য ছাত্রলীগকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা আমাদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে।’
এ ছাড়া আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের অবৈতনিক মেডিকেল কর্মকর্তা রাজ্জাকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
চাঁদা তুলে আন্দোলন
প্রতিদিন সমাবেশ থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে পাওয়া টাকায় চলছে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি। শিক্ষার্থীরা বলেন, ‘আমরা যে যার সাধ্য অনুসারে টাকা দিচ্ছি। এভাবেই প্রতিদিনের খরচ মিটিয়ে পরবর্তী দিনের কর্মসূচি নির্ধারণ করা হচ্ছে।’