মেডিকেলে প্রশ্ন ফাঁস: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবক। আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করা হয়েছে। 

এ ব্যাপারে জানতে চাইলে রিটকারী আইনজীবী সুপ্রকাশ দত্ত প্রথম আলোকে বলেন, মেডিকেলের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং বিচার বিভাগীয় কমিটি করার নির্দেশনা চেয়ে এই রিট আবেদনটি করা হয়েছে। এ রিট আবেদনে প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে গঠিত গণতদন্ত কমিটির প্রতিবেদনসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এই আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
এ বছরের ১৮ সেপ্টেম্বর মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষায় পরদিন থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে ওই পরীক্ষা বাতিল ও নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন করেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। এই দাবিতে তাঁরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। একাধিকবার তাঁদের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটেছে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। পরীক্ষা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছেন তাঁরা। পরীক্ষা বাতিল চেয়ে তাঁরা রিট আবেদন করেছিলেন। কিন্তু আদালত তা খারিজ করে দেন।
এদিকে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা নতুন করে নেওয়ার সুপারিশ করেছে ওই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে গঠিত গণতদন্ত কমিটি।