মেডিকেলে পড়তে ধূমপান না করার প্রত্যয়নপত্র দিতে হবে

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ধূমপান ও মাদক সেবন করেন না এমন প্রত্যয়নপত্র জমা দিতে হবে। আগামী বছর থেকেই এ শর্ত জুড়ে দেওয়া হবে বলে তিনি জানান।
আজ মঙ্গলবার বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আয়োজিত এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত ওই সেমিনারে আলোচকেরা বলেন, বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশীয় দেশে হৃদরোগের ঝুঁকি বাড়ছে। সাধারণত রক্তে কোলেস্টেরলের উচ্চ মাত্রা, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ইত্যাদি থাকলে হৃদরোগের আশঙ্কা বাড়ে। কিন্তু আজকাল হাসপাতালে ৩০-৩৫ বছর বয়সী যেসব রোগী আসছেন তাদের হৃদরোগের একমাত্র কারণই হলো ধূমপান। এ ছাড়া সুশৃঙ্খল জীবনযাপন পদ্ধতি অনুসরণ না করাও বাংলাদেশে হৃদরোগের ঝুঁকি বাড়ার কারণ।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল মালিক হৃদরোগের ঝুঁকি কমাতে সংবাদমাধ্যমগুলোকে সচেতনতামূলক বার্তা বারবার প্রচারের অনুরোধ করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) র প্রতিনিধি মোস্তফা জামান হাসপাতালের পরিবেশ হার্টের সুস্থতার জন্য কতটা উপযুক্ত সে নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘হাসপাতালের ক্যানটিনে কি সব সময় স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করা হয়? হাসপাতালের আশপাশে কি পান-জর্দা, বিড়ি-সিগারেট বিক্রি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়েছে? সরকার দুটি জেলা হাসপাতাল ও দুটি উপজেলা হাসপাতাল ধূমপানমুক্ত করতে কাজ করছে। আমরা আশা করি ধীরে ধীরে সব হাসপাতালই ধূমপানমুক্ত করা সম্ভব হবে।’
সেমিনারে হৃদরোগের ঝুঁকি কি, কীভাবে এ ঝুঁকি এড়ানো সম্ভব সে সম্পর্কে একটি উপস্থাপনা দেখান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের এপিডেমিওলোজি বিভাগের প্রধান সোহেল রেজা। তিনি বলেন, বাংলাদেশে চার কোটি মানুষ ধূমপান করেন। এখন ৫৯ ভাগ মৃত্যু হচ্ছে হৃদরোগসহ বেশ কয়েকটি অসংক্রামক রোগে। তামাক সেবন, সুষম খাদ্য না খাওয়া, অপর্যাপ্ত কায়িক শ্রম ও মানসিক চাপে মানুষ হৃদরোগে আক্রান্ত হতে পারে। প্রতি সপ্তাহে দেড়শো মিনিট শারীরিক পরিশ্রম, দুই ঘণ্টার বেশি টেলিভিশন বা কমিউটার ব্যবহার না করা, হাঁটা, সাঁতার কাটা ও জগিং করা মানুষকে সুস্থ রাখতে পারে। তিনি সিগারেট, ফাস্ট ফুড ও কোমল পানীয়ের দাম বাড়ানোর সুপারিশ করেন।
জন্মগত হৃদরোগের ঝুঁকি এড়াতে মায়েদের মামস, মিজেলস ও রুবেলার টিকা দেওয়ার পরামর্শ দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি আর কে খন্দকার ও মহাসচিব খন্দকার আব্দুল আওয়াল রিজভী।