মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ডাকে সংহতি সমাবেশ আজ

মেডিকেলে নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আজ শুক্রবার বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশের ডাক দিয়েছেন। সর্বস্তরের মানুষকে তাঁরা এই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবারও শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। ওই সমাবেশে ঢাকা, স্যার সলিমুল্লাহ, ফরিদপুর, শহীদ সোহরাওয়ার্দী, ময়মনসিংহ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশালের শিক্ষার্থীরা অংশ নেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষার্থীরা পরে মিছিল নিয়ে শাহবাগে যান। মিছিলের সামনে ছিলেন মেডিকেল কলেজপড়ুয়া শিক্ষার্থীরা। তাঁরা স্বাস্থ্য মন্ত্রণালয় ও চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী নওশিন সাদিয়া বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তরের লোকজন ভয় পাচ্ছে কেন? ভয় না পেলে তড়িঘড়ি করে রেজাল্ট দিত না, ভর্তি-প্রক্রিয়াও শুরু করত না।’ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের রেবেকা সুলতানা বলেন, ‘প্রশ্ন ফাঁসের মাধ্যমে মেডিকেল কলেজে শিক্ষার্থীরা ঢুকলে পরবর্তী সময়ে পুরো পেশার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। অথচ বিএমএ এখন পর্যন্ত এ নিয়ে কোনো কথা বলছে না।’
বিএমএ মহাসচিব এম ইকবাল আর্সলানের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে বিএমএর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে গতকাল পর্যন্ত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর প্রশ্ন ফাঁস হয়নি বলে দাবি করেছে। পত্রপত্রিকায় তারা এ নিয়ে বিজ্ঞপ্তিও দিয়েছে।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছেন বলে জানিয়েছেন। তাঁরা আশা করছেন, তথ্যপ্রমাণসহ প্রধানমন্ত্রীর কাছে হাজির হলে সমস্যার সমাধান হবে।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র গতকাল এক বিবৃতিতে শিক্ষার্থীদের ওপর ‘মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের’ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, প্রশ্ন ফাঁসের যে অভিযোগ উঠেছে, ত্বরিত ও নিরপেক্ষ তদন্ত করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। এই পরীক্ষার সঙ্গে শুধু শিক্ষার্থীদের ভবিষ্যৎ নয়, জাতির স্বার্থ জড়িত।
প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে গতকাল বেলা ১১টা থেকে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অন্যদিকে একই দাবিতে সিলেটের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।