মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেডিকেল কলেজে ভর্তির জন্য নেওয়া পরীক্ষার ফল বাতিল করার দাবিতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
মেডিকেল কলেজে ভর্তির জন্য নেওয়া পরীক্ষার ফল বাতিল করার দাবিতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

সরকারি মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা প্রশ্ন ফাঁসের অভিযোগ আমলে নিয়ে আবারও পরীক্ষা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। তাঁদের অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা চোখ বুজে আছেন।
গতকাল সোমবার টানা ১০ দিনের মতো রাজধানীসহ দেশের বেশ কয়েকটি জেলায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। রাজধানীতে সমাবেশকে ঘিরে পুলিশ মোতায়েন ছিল, শাহবাগ ও প্রেসক্লাবে শিক্ষার্থীদের বিক্ষোভস্থলের সামনে ছিল জলকামান ও রায়ট কার।
এদিকে গতকাল এক বিবৃতিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এমবিবিএস পরীক্ষার ফলাফল বাতিল করে স্বচ্ছতার সঙ্গে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পরীক্ষা সুষ্ঠু হয়েছে বলে যে দাবি করছেন, তা অবান্তর।
প্রশ্ন ‘ফাঁস’ নিয়ে বিক্ষোভের মধ্যেই আজ থেকে মেডিকেল কলেজগুলো ভর্তি প্রক্রিয়া শুরু করছে।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা: গতকাল সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা অবস্থান নেন। সেখান থেকে মুখে কালো কাপড় বেঁধে সাড়ে ১১টার দিকে শাহবাগ থানার সামনে এসে তাঁরা বিক্ষোভ করেন। শাহবাগ থেকে বিক্ষোভকারীরা প্রেসক্লাবে আসেন।
মো. আলমগীর হোসেন নামের এক অভিভাবক তাঁর মেয়ে জান্নাতুল ফেরদৌসকে নিয়ে এসেছিলেন বিক্ষোভে অংশ নিতে। তিনি বলেন, অভিযোগ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা কানেই তুলছেন না। এখন একমাত্র ভরসা প্রধানমন্ত্রী। তিনি দেশে ফিরলে নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে। আরেক অভিভাবক শাহিনুর বেগম বলেন, মন্ত্রণালয়, অধিদপ্তর কেউ কোনো প্রমাণ খুঁজে পায় না। চোখ বুজে থাকলে প্রমাণ পাবে কী করে? অভিজিৎ দাশ নামের এক শিক্ষার্থী বলেন, যদি টাকা দিয়ে প্রশ্ন কিনে চিকিৎসক হওয়া যায় তাহলে মেধাবীরা আর এ পেশায় আসবেন না।
মামলার অগ্রগতি নেই: ঢাকায় প্রশ্ন ফাঁসে জড়িত সন্দেহে র্যাব দুটি দলকে গ্রেপ্তার করেছিল। রংপুরে গ্রেপ্তার হন সরকারি হাসপাতালে কর্মরত তিন চিকিৎসকসহ সাতজন। গতকাল পর্যন্ত এসব চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি অধিদপ্তর।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘মহাখালী ডিওএইচএস থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছে কিছু নমুনা প্রশ্ন ছিল। তার সঙ্গে মূল প্রশ্নের কতটা মিল আছে সেটি কর্তৃপক্ষ খতিয়ে দেখবে।’
কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আসলামউদ্দিন বলেছেন, প্রশ্নের নমুনা মিলিয়ে দেখতে আদালতের অনুমতি প্রার্থনা করা হয়েছে। এখনো অনুমতি পাওয়া যায়নি বলে মিলিয়ে দেখা যায়নি। একই দাবিতে সিলেট ও রাজশাহীতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। কিশোরগঞ্জে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আর ফরিদপুরে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন।