মেডিকেলে ভর্তি ইচ্ছুকদের আমরণ অনশন শুরু

প্রশ্ন ফাঁসের অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল করে আবার এই পরীক্ষা নেওয়ার দাবিতে এবার আমরণ অনশন শুরু করেছেন আন্দোলনকারীরা।
গতকাল বুধবার বেলা ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনশন কর্মসূচি শুরু হয়। অনশনে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। বিকেল পর্যন্ত অর্ধশতাধিক আন্দোলনকারী অনশন করছিলেন। তাঁদের একজন তানজিরা বিশ্বাস বলেন, তাঁরা রাতেও সেখানে থাকবেন। মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষা না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে যাবেন না।
মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করার পরদিন থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে ওই পরীক্ষা বাতিল ও নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন করছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। এই দাবিতে তাঁরা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। একাধিকবার তাঁদের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটেছে। দুই দিন শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিদিন অবস্থান কর্মসূচি পালন করেছেন। সমাবেশ করেছেন। পরীক্ষা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপিও দিয়েছেন তাঁরা। পরীক্ষা বাতিল চেয়ে তাঁরা উচ্চ আদালতে রিট আবেদন করেছিলেন। আদালত তা খারিজ করে দেন।
অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। এসব স্লোগানের মধ্যে ছিল ‘আন্দোলনকারীদের ওপর হামলা কেন? জবাব চাই’, ‘মেডিকেল ভর্তি পরীক্ষা নিতে হবে’, ‘দুর্নীতির শিকার কেন হবে মেধাবীরা?’ ইত্যাদি। তাঁরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
অভিভাবকদের প্রতিনিধি অধ্যক্ষ আশরাফ কামাল গতকাল গণমাধ্যমে বলেন, ‘প্রধানমন্ত্রী দয়া করে আপনি পাঁচ মিনিটের জন্য হলেও আমাদের কথা শুনুন। প্রমাণগুলো আপনি দেখুন এবং এরই ভিত্তিতে একটি সঠিক তদন্ত কমিটি গঠন করুন। তদন্তের মাধ্যমে বিষয়গুলোর সুরাহা করুন।’
অনশনে অংশ নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেন, ‘নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে স্কুল-কলেজসহ সব ধরনের পরীক্ষার প্রশ্ন ফাঁস এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষায়ও একই ঘটনা ঘটেছে। কিন্তু সরকার তা দেখেও না দেখার ভান করছে।’ রাতে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের অনশন চলছিল।